পাকিস্তান, ইউরোপ, বাংলাদেশ, সাফ চ্যাম্পিয়নশিপ, সেমিফাইনাল, ফাইনাল, সাদ উদ্দিন, হামজা চৌধুরী, সামিত সোম, ফারহান আলী ওয়াহিদ, থমাস ডুলি, ফুটবল কোচ, ঢাকা, জাতীয় স্টেডিয়াম, শ্রীলঙ্কা, ভারত, করাচি, রহমত মিয়া, আমিরুল ইসলাম বাবু, এমআরআই, আবদুল্লাহ ইকবাল, ইসাহ সুলিমান, আদিল নবী, ইউসুফ বাট, গ্রুপ পর্ব
হামজা চৌধুরী, ইনসেটে ইউসুফ বাট। সংগৃহীত

২১ বছর পর আবারও সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াইয়ে পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ। প্রতিপক্ষের দলে ইউরোপের বিভিন্ন লিগে খেলা একাধিক ফুটবলার যোগ হওয়ায় চ্যালেঞ্জটা কঠিন। তার ওপর চোটের কারণে নেই অভিজ্ঞ ডিফেন্ডার সাদ উদ্দিন। 

Advertisement

তবে এসব নিয়ে খুব বেশি ভাবছে না বাংলাদেশ। হামজা চৌধুরী, সামিত সোম ও ফারহান আলী ওয়াহিদের সাম্প্রতিক পারফরম্যান্সে ভর করে ফাইনালে ওঠার ব্যাপারে আত্মবিশ্বাসী কোচ থমাস ডুলি। আজ শনিবার ঢাকার জাতীয় স্টেডিয়ামে রাত সাড়ে ৮টায় মুখোমুখি হবে দুই দল।

গ্রুপ পর্বে অপরাজিত থেকেই শেষ চারে উঠেছে বাংলাদেশ। শেষ ম্যাচে শ্রীলঙ্কার জালে দিয়েছে ৪ গোল। তবে এখন পর্যন্ত কোনো গোল হজম না করা বাংলাদেশের সামনে এবার সবচেয়ে বড় পরীক্ষা পাকিস্তান।

ভারতের কাছে হেরে টুর্নামেন্ট শুরু করা পাকিস্তান পরের ধাপে নিজেদের শক্তি বাড়িয়েছে ইউরোপে খেলা কয়েকজন ফুটবলারকে দলে ভিড়িয়ে।

সর্বশেষ ২০০৫ সালে করাচিতে পাকিস্তানকে হারিয়েই সাফের ফাইনালে উঠেছিল বাংলাদেশ। দীর্ঘ ২১ বছর পর আবারো সেই প্রতিপক্ষ। এবার নিজেদের মাঠে সেই ইতিহাসের পুনরাবৃত্তি করতে চায় লাল-সবুজের দল।

তবে ম্যাচের আগে বড় দুশ্চিন্তা সাদ উদ্দিনের চোট। আক্রমণ ও রক্ষণ—দুই জায়গাতেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই ডিফেন্ডারকে সেমিফাইনালে পাচ্ছে না বাংলাদেশ। তার জায়গায় রহমত মিয়ার খেলার সম্ভাবনা রয়েছে। বিকল্প নিয়ে ভাবলেও দলের অন্য খেলোয়াড়দের ওপর আস্থা রাখছেন কোচ।

পাকিস্তানকে মোটেও হালকাভাবে নিচ্ছেন না ডুলি। তার মতে, ইউরোপে খেলা ফুটবলারদের অন্তর্ভুক্তিতে প্রতিপক্ষের শক্তি বেড়েছে। তিনি বলেন, ‘সাদ আক্রমণ ও রক্ষণ—দুই দিকেই দারুণ ছিল। তাকে অবশ্যই মিস করবো। আমরা ভাবছি, কে তার বিকল্প হতে পারে।’

তিনি আরো বলেন, ‘তবে আমি নিশ্চিত, যে সুযোগ পাবে, সেরাটা দিয়েই দলকে সাহায্য করবে। পাকিস্তান খুব শক্তিশালী দল। ইউরোপে খেলা একাধিক খেলোয়াড় থাকায় ওদের হালকাভাবে নেয়ার সুযোগ নেই। আগের ম্যাচের মতো পারফর্ম করে ফল নিজেদের দিকে আনার চেষ্টা থাকবে আমাদের।’

এদিকে সাদ উদ্দিনের চোটের বিষয়ে দলের ব্যবস্থাপক আমিরুল ইসলাম বাবু জানিয়েছেন, অন্তত ১৫ দিন পূর্ণ বিশ্রামে থাকতে হবে তাকে। এরপর আবার এমআরআই করা হবে। চিকিৎসকরা আশা করছেন, এই সময়ের মধ্যে অনেকটাই সেরে উঠবেন তিনি।

অন্যদিকে, টুর্নামেন্টের মাঝপথে আবদুল্লাহ ইকবাল, ইসাহ সুলিমান ও আদিল নবীদের অন্তর্ভুক্তিতে শক্তি বেড়েছে পাকিস্তানের। তাদের লক্ষ্যও পরিষ্কার—ফাইনালে ভারতের মুখোমুখি হওয়া। বাংলাদেশের হামজা, সামিত কিংবা ফারহানকে নিয়ে আলাদা করে ভাবতে চান না পাকিস্তানের গোলরক্ষক ইউসুফ বাট।

নিজেদের পরিকল্পনায় আস্থা রাখার কথা জানিয়ে তিনি বলেন, ‘হামজা-সামিত বা ফারহানদের নিয়ে ভাবছি না। নিজেদের পরিকল্পনায় বিশ্বাস রাখছি। গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে ভালো খেলতে পারিনি। ফাইনালে তাদের বিপক্ষে আবারও খেলতে চাই।’

দুই দলের মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যানে অবশ্য এগিয়ে বাংলাদেশ। সর্বশেষ ১৮ দেখায় বাংলাদেশের জয় সাতটিতে, পাকিস্তানের ছয়টিতে। বাকি পাঁচ ম্যাচ হয়েছে ড্র। এবার সেই পরিসংখ্যানকে আরো সমৃদ্ধ করে ফাইনালের টিকিট নিশ্চিত করতে চায় বাংলাদেশ।