শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা, রিজভী, পাসপোর্ট
বিক্ষোভ মিছিলে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নয়া দিগন্ত

শেখ মুজিবুর রহমানের করা ১৯৭৩ সালের পাসপোর্ট আইন অনুযায়ী শেখ হাসিনার পাসপোর্ট পাওয়ার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, যেহেতু শেখ হাসিনা পলাতক মানবতাবিরোধী অপরাধী এবং হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত, তাই উনি আর পাসপোর্ট পেতে পারেন না।

Advertisement

আজ শনিবার দুপুরে রাজধানীতে ঢাকা মহানগর দক্ষিণ যুবদল আয়োজিত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস ও বোমাবাজির বিরুদ্ধে এক প্রতিবাদ বিক্ষোভ মিছিল শেষে তিনি এ মন্তব্য করেন।  

রিজভী বলেন, ফ্যাসিস্টরা কলকাতায় বসে থেকে দেশে কর্মী দিয়ে বোমাবাজি করছে, এগুলো বিএনপির নেতাকর্মীরা ভয় পায় না। কারণ শত নিপীড়ন ও নির্যাতনের পরও বিএনপির নেতাকর্মীরা রাজপথ থেকে সরে যায়নি। সাহস নিয়ে গুলির সামনে বুক পেতে দিয়েছে। ককটেল বিস্ফোরণ, গাড়িতে আগুন ও পেট্রোল বোমা দিয়ে আগুন লাগিয়ে দেশে শুরু হওয়া গণতান্ত্রিক যাত্রাকে আটকে দিতে পারবে না পতিত অপশক্তিরা। 

এই অপশক্তির সন্ত্রাসের বিরুদ্ধে দেশের সব গণতান্ত্রিক শক্তি পথে পথে, মোড়ে মোড়ে প্রতিরোধ গড়ে তুলবে বলে মন্তব্য করেন রিজভী।