ইউরোপের চার দেশের করপোরেট সম্পদ নিয়ন্ত্রণে পুতিনের ডিক্রি

 রয়টার্স 
রাশিয়ার অভ্যন্তরে কার্যক্রম পরিচালনাকারী ইউরোপীয় চারটি রাষ্ট্রের বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের সম্পদ সাময়িক রাষ্ট্রীয় নজরদারিতে নেয়ার ঘোষণা দিয়েছে ক্রেমলিন। সংশ্লিষ্ট দেশগুলো হলো- ফ্রান্স, জার্মানি, সুইডেন ও বেলজিয়াম। ইউক্রেন সঙ্কটে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সরাসরি সমর্থনের কারণে ব্রাসেলসের সাথে সম্পর্ক চরম অবনতির মুখে পড়ায় প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন এক বিশেষ ডিক্রি জারির মাধ্যমে এই পদক্ষেপ গ্রহণ করেন। 
ওই আদেশে যেসব বহুজাতিক প্রতিষ্ঠানের সম্পদ অর্পণ করা হয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য হলো ফরাসি ফ্লোরিং প্রস্তুতকারক ‘টার্কেট’, জার্মানির প্যাকেজিং খাতের প্রতিষ্ঠান ‘মেনশেন’, সুইডিশ প্যাকেজিং সংস্থা ‘সেভরিগে ইন্টারন্যাশনাল হোল্ডিংস’ এবং বেলজিয়ামভিত্তিক স্বাস্থ্যপণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘অনটেক্স’। এ ছাড়া ‘ইভিওসিস’ নামক ইউরোপীয় মেটাল-প্যাকেজিং ব্যবসার রুশ সম্পদও এই তালিকায় যুক্ত করা হয়েছে। আদেশে এই সম্পদগুলোকে সোনোকোর ডাচ অঙ্গপ্রতিষ্ঠানের মালিকানাধীন হিসেবে চিহ্নিত করা হয়। ক্রেমলিনের পক্ষ থেকে জানানো হয়, ইইউভুক্ত রাষ্ট্রগুলোর ‘সরাসরি রণক্ষেত্রের শত্রুতায়’ যুক্ত থাকার পাল্টা জবাব হিসেবেই এই বাণিজ্যিক নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। তবে মস্কো স্পষ্ট করেছে যে, এই প্রক্রিয়াটি ‘প্রত্যাবর্তনযোগ্য’ অর্থাৎ পরিস্থিতি সাপেক্ষে সম্পদগুলোর মালিকানা পুনরায় ফেরত দেয়া সম্ভব।
ইউরোপীয় কোম্পানিগুলোর ওপর নতুন এই নিয়ন্ত্রণ এমন এক মুহূর্তে এলো, যখন আজ অনুষ্ঠিতব্য ইইউ শীর্ষ সম্মেলনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অংশ নেয়ার কথা রয়েছে।

Advertisement