স্কলার্স ফোরামের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, ৬ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণ
স্কলার্স ফোরামের বৃত্তি পরীক্ষায় শিক্ষার্থীদের সাথে ডাকসু ভিপি সাদিক কায়েম : নয়া দিগন্ত।

 নিজস্ব প্রতিবেদক

Advertisement

রাজধানীর চারটি কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে ‘দ্য স্কলার্স ফোরাম ঢাকা’র বৃত্তি পরীক্ষা-২০২৬। গতকাল সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত এ পরীক্ষায় আড়াই শতাধিক স্কুল ও মাদরাসার তৃতীয় থেকে দশম শ্রেণীর প্রায় ছয় হাজার শিক্ষার্থী অংশ নেয়।
পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কেন্দ্রগুলোতে ৫০০ কক্ষ পরিদর্শক ও আট শতাধিক স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করেন। রাজধানীর চার কেন্দ্র-তা’মীরুল মিল্লাত মহিলা কামিল মাদরাসা, ব্রাইট স্কুল অ্যান্ড কলেজ, তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা ও বাংলাবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। বাংলাবাজার কেন্দ্রে ৮৫০ জন শিক্ষার্থী অংশ নেয় বলে জানান কেন্দ্র পরিচালক শফিকুল ইসলাম সাইফুল।
পরীক্ষার কেন্দ্রগুলো পরিদর্শন করেন ঢাকা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেন, ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন, ডাকসু ভিপি আবু সাদিক কায়েম, স্কলার্স ফোরামের চেয়ারম্যান ডা. মোয়াজ্জেম হোসেনসহ অন্য পরিচালকরা।
ডাকসু ভিপি সাদিক কায়েম বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশ ও শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে এ ধরনের বৃত্তি পরীক্ষা কার্যকরী। শুধু ভালো ফল নয়, শিক্ষার্থীদের নৈতিকতা ও দেশ গড়ার মানসিকতা নিয়ে বড় হওয়া জরুরি।
স্কলার্স ফোরামের চেয়ারম্যান ডা. মোয়াজ্জেম হোসেন জানান, শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের পাশাপাশি নৈতিক ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ করতেই দীর্ঘদিন ধরে অভিভাবক ও শিক্ষকদের সহযোগিতায় এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ফোরামের পরিচালক দেলোয়ার হোসেন রাসেল সার্বিক সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।
১৯৯৫ সালে প্রতিষ্ঠিত দ্য স্কলার্স ফোরাম ঢাকা প্রতিষ্ঠার পর থেকেই শিক্ষা ও সামাজিক নানা কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। 
বৃত্তি প্রদান সংস্থাটির অন্যতম প্রধান সামাজিক প্রকল্প।