আর্থিক সুশাসনে প্রশিক্ষণের বিকল্প নেই : বাউবি ভিসি
বাউবির প্রশিক্ষণ শেষে সনদপত্র বিতরণ করেন ভিসি : নয়া দিগন্ত।

গাজীপুর মহানগর প্রতিনিধি

Advertisement

প্রতিষ্ঠানের অগ্রগতি ও সাফল্য নিশ্চিত করতে আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহি ও সুশাসন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান। তিনি বলেছেন, আর্থিক বিধিবিধান সম্পর্কে সংশ্লিষ্টদের দক্ষতা বাড়াতে নিয়মিত প্রশিক্ষণ ও কর্মশালার বিকল্প নেই।
বৃহস্পতিবার গাজীপুরে বাউবির ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেলের (আইকিউএসি) আয়োজনে দুই দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরে তিনি প্রশিক্ষণে অংশ নেয়া ৫২ কর্মকর্তার মধ্যে সনদ বিতরণ করেন।
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় প্রশিক্ষণ ও সম্মেলন কেন্দ্রের লেকচার গ্যালারিতে ১৪ ও ১৫ অক্টোবর ‘কৌশলগত আর্থিক ব্যবস্থাপনা: হিসাব, নিরীক্ষা ও পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা-২০২৫ ও পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্ট-২০০৬’ শীর্ষক এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
ভিসি বলেন, পরিকল্পিত বাজেট প্রণয়ন, সরকারি অর্থের দক্ষ ও সাশ্রয়ী ব্যবহার এবং ক্রয়প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। প্রশিক্ষণে অর্জিত জ্ঞান পেশাগত কাজে প্রয়োগের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ডিজিটাল রূপান্তর কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নেয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসি পরিচালক ও স্কুল অব বিজনেসের অধ্যাপক ড. মোহাম্মদ জহির রায়হান। তিনি বলেন, প্রশিক্ষণের মাধ্যমে কর্মকর্তাদের বাজেট প্রণয়ন, আর্থিক প্রতিবেদন তৈরি ও বিশ্লেষণ, নিরীক্ষা এবং সরকারি ক্রয়প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করার দক্ষতা বাড়বে। এতে বিশ্ববিদ্যালয়ে আর্থিক শৃঙ্খলা ও সুশাসন জোরদার হবে।
প্রশিক্ষণে রিসোর্স পারসন হিসেবে দায়িত্ব পালন করেন বাউবির অর্থ ও হিসাব বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) মো: সাজ্জাদ হোসেন চৌধুরী এবং যুগ্ম পরিচালক (অডিট) ও অডিট সেল প্রধান মিয়া মো: মনিরুজ্জামান। অনুষ্ঠানে আইকিউএসির অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. সায়মা আহমদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রশিক্ষণার্থীদের মধ্যে বক্তব্য দেন মো: হারুনূর রশিদ ও তানজিনা আক্তার। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো: জাকির হোসেন তালুকদার।