
নয়া দিগন্ত ডেস্ক
কুমিল্লার দাউদকান্দিতে সকালে হাঁটতে বেরিয়ে অজ্ঞাত গাড়ির চাপায় এক দম্পতি নিহত হয়েছেন। এ ছাড়া যশোরের চৌগাছায় ট্রাকচাপায় অবসরপ্রাপ্ত এক শিক্ষক, চুয়াডাঙ্গার জীবননগরে অজ্ঞাত পরিচয় এক নারী এবং মৌলভীবাজারের কুলাউড়ায় ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালিত অটোরিকশার চালক মারা গেছেন।
দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা জানান, দাউদকান্দিতে সকালে হাঁটতে বেরিয়ে অজ্ঞাত গাড়ির চাপায় স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। এরপর প্রায় আধঘণ্টা সড়কের পাশেই তাদের লাশ পড়েছিল। গতকাল ভোরে উপজেলার হরিপুর জামে মসজিদের কাছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার জিংলাতলী গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে নজরুল ইসলাম (৬২) ও তার স্ত্রী ঝরনা বেগম (৪৮)।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, প্রতিদিনের মতো ভোরে শরীরচর্চার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের এক পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন নজরুল ইসলাম ও ঝরনা বেগম। তারা হরিপুর এলাকায় পৌঁছালে দ্রুতগতির একটি অজ্ঞাত গাড়ি পেছন থেকে ধাক্কা দেয়। এরপর তারা মহাসড়কের ওপর রক্তাক্ত অবস্থায় পড়ে থাকেন। পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নামাজে জানাজা শেষে গোডাউন এলাকা কবরস্থানে তাদের দাফন করা হয়েছে।
চৌগাছায় শিক্ষক নিহত
চৌগাছা (যশোর) সংবাদাতা জানান, চৌগাছায় নুরুল আলম লুৎফর মাস্টার (৬৫) নামে একজন অবসরপ্রাপ্ত শিক্ষক ট্রাকচাপায় নিহত হয়েছেন। তিনি উপজেলার ধুলিয়ানী ইউনিয়নের ফতেপুর গ্রামের মৃত রফি উদ্দিনের ছেলে। উপজেলার কুষ্টিয়া-ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বেলা ১১টার দিকে নুরুল আলম ভ্যানযোগে চৌগাছা পৌরসভার ইসলামী ব্যাংক চৌগাছা শাখার সামনে পৌছাঁলে একটি ট্রাক (সাতক্ষীরা-ট-১১-০১৯৩) ধাক্কায় ছিটকে রাস্তায় পড়ে যান। এ সময় ট্রাকের চাকায় পিষ্ট হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চৌগাছা সরকারি মডেল হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে যশোর সিএমএইচে ভর্তি করা হয়। সেখানে বেলা ২টার দিকে তিনি মারা যান। ঘাতক ট্রাক ও চালক শাহিন হোসেন চৌগাছা পুলিশ হেফাজতে রয়েছে। চৌগাছা থানার ওসি মামুনুর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন।
চুয়াডাঙ্গায় অজ্ঞাত নারীর মৃত্যু
চুয়াডাঙ্গা প্রতিনিধি জানান, চুয়াডাঙ্গার জীবননগরে সড়ক দুর্ঘটনায় ৪৫-৫০ বছরের অজ্ঞাত পরিচয় এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল ভোর ৪টার দিকে হাসাদাহ ইউনিয়নের কন্দর্পপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে জীবননগর-কালীগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, মানসিক ভারসাম্যহীন ওই নারী গত কয়েক দিন ধরে এলাকায় ঘুরে বেড়াচ্ছিলেন। ভোরের দিকে স্থানীয়রা রাস্তার পাশে তার লাশ পড়ে থাকতে দেখে ‘৯৯৯’-এ ফোন দেন। খবর পেয়ে জীবননগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
কুলাউড়ায় সিএনজি চালক নিহত
কুলাউড়া (মৌলভীবাজার) সংবাদদাতা জানান, মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার আছুরিঘাট সড়কে ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে সিএনজিচালিত অটোরিকশার চালক মো: রিপন মিয়া (২৫) নিহত হয়েছেন। সোমবার রাত সাড়ে ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত রিপন মিয়া মৌলভীবাজারের বড়লেখা উপজেলার কাশেমনগর এলাকার বাসিন্দা এবং দক্ষিণভাগ বাজারের সিএনজিচালক ইসলাম মিয়ার ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় আছুরিঘাট সড়কে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে সিএনজিচালিত অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালক রিপন মিয়া মারা যান।
ঘটনার পর ট্রাকটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে উপস্থিত জনতা পিছু নিয়ে জুড়ী সরকারি হাসপাতালসংলগ্ন এলাকায় আটক করে চালককে পুলিশে সোপর্দ করেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








