হাম উপসর্গে আরো ৬ জনের মৃত্যু

নয়া দিগন্ত ডেস্ক

Advertisement

দেশে হামের উপসর্গ নিয়ে সোমবার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় মোট ছয়জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ঢাকা বিভাগে তিনজন, চট্টগ্রাম বিভাগে দুইজন এবং অন্যজন সিলেট বিভাগে মারা গেছে। তবে এ সময় নিশ্চিত হামে কারো মৃত্যু হয়নি। গতকাল স্বাস্থ্য অধিদফতরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য মতে একই সময় নতুন করে হাম ও উপসর্গে আক্রান্ত হয়েছে মোট এক হাজার ২১৩ জন। এর মধ্যে এক হাজার ৭৪ জনের দেহে হামের উপসর্গ মিলেছে। আর হাম শনাক্ত হয়েছে ১৩৯ জনের। এ ছাড়া নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ৪৩ জন আর সুস্থ হওয়ায় হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে এক হাজার ১৭ জন।
আর চলতি বছরের ১৫ মার্চ থেকে হাম ও উপসর্গ নিয়ে গতকাল পর্যন্ত সারা দেশে মোট এক হাজার ১৭০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৪ জন আর উপসর্গে মারা গেছে এক হাজার ৬৬ জন।
একই সময়ে হামের উপসর্গ দেখা দিয়েছে মোট দুই লাখ ৭ হাজার ৩৭১ জনের। আর হাম শনাক্ত হয়েছে (পরীক্ষায় প্রমাণিত) ২২ হাজার ৭১২ জনের। মোট হাম ও উপসর্গে আক্রান্ত হয়েছে দুই লাখ ৩০ হাজার ৮৩ জন। তাদের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে এক লাখ ৮৪ হাজার ২৬৯ জন। আর সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরে গেছে এক লাখ ৭৬ হাজার ৬৭২জন।
চলতি বছরে হাম ও উপসর্গে সবচেয়ে বেশি ৫৪৮ জন মারা গেছে ঢাকা বিভাগে। এরপর সিলেট বিভাগে ১৯২, রাজশাহীতে ৯৬, ময়মনসিংহে ৮৩, চট্টগ্রামে ১০৬, বরিশালে ৮১, খুলনায় ৪৭ ও রংপুর বিভাগে ১৭ জন মারা গেছে।
সিলেটে আরো দুইজনের মৃত্যু
সিলেট ব্যুরো জানায়, সিলেট বিভাগে হাম উপসর্গে মৃত্যু থামছে না। সর্বশেষ ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরো এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর বিভাগে হাম ও উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯২ জনে। এর মধ্যে সন্দেহজনক হাম রোগে ১৮২ জন এবং নিশ্চিত হাম রোগে ১০ জনের মৃত্যু হয়েছে। এ দিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে কারো হাম শনাক্ত না হলেও একই সময়ে সন্দেহজনক হাম রোগী হিসেবে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৪১ জন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫১১ জন। গতকাল এই তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা. মো: মাহবুবুল আলম। 
স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্যমতে, সর্বশেষ এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া চার মাসের শিশু আদিল আহমদ সিলেটের জৈন্তাপুর উপজেলার বাসিন্দা।