সৌদি আরবের প্রতি বাংলাদেশের সংহতি প্রকাশ
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সাথে সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ বিন জাফর আবিয়াহ সাক্ষাৎ করেন : পিআইডি।

কূটনৈতিক প্রতিবেদক

Advertisement

হাউছি বিদ্রোহীদের সাম্প্রতিক হামলার পরিপ্রেক্ষিতে সৌদি আরবের প্রতি সংহতি প্রকাশ করেছে বাংলাদেশ। এসব হামলায় হতাহতের ঘটনায় শোক প্রকাশ করে আলোচনা ও কূটনীতির মাধ্যমে উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছে সরকার।
ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ বিন জাফর আবিয়াহ গতকাল পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সাথে সাক্ষাৎ করতে এলে তিনি এ আহ্বান জানান। প্রতিমন্ত্রী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হাউছি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত দুই বাংলাদেশী নাগরিকের লাশ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া ত্বরান্বিত করতে সৌদি আরবের সহায়তা কামনা করেন। তিনি এ ঘটনায় আহত বাংলাদেশীদের যথাযথ চিকিৎসা দেয়ার জন্য সৌদি কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সৌদি রাষ্ট্রদূত সংহতি ও সমর্থনের জন্য বাংলাদেশকে ধন্যবাদ জানান।
নেদারল্যান্ডসের সাথে অর্থনৈতিক অংশীদারিত্ব জোরদার করা হবে : নেদারল্যান্ডসের বৈদেশিক বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতা বিষয়ক মন্ত্রী সোর্ড সোর্ডসমা গতকাল পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সাথে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল উপস্থিত ছিলেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, গত ফেব্রুয়ারি মাসে উভয় দেশেই নতুন সরকার দায়িত্ব গ্রহণ করেছে। তারা বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে, বিশেষ করে জাহাজ নির্মাণ, সামুদ্রিক অবকাঠামো, বস্ত্রশিল্প, পানি ব্যবস্থাপনা, সেমিকন্ডাক্টর এবং কোল্ড-চেইন উন্নয়নসহ কৃষি সরবরাহ শৃঙ্খলের ক্ষেত্রে অর্থনৈতিক অংশীদারিত্ব আরো গভীর করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। ডাচ মন্ত্রী একটি সামুদ্রিক বাণিজ্য মিশন এবং বস্ত্র ও পানিসংক্রান্তবিষয়ক প্রতিনিধি দলের সম্ভাব্য সফরের বিষয়টি তুলে ধরেন। তিনি দুই দেশের মধ্যে আগামী ৫০ বছরে কৌশলগত অংশীদারিত্ব জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। হুমায়ুন কবির জাহাজ নির্মাণ ও সেমিকন্ডাক্টর খাতে সম্ভাব্য সহযোগিতা এবং তৈরি পোশাক শিল্পের জন্য অব্যাহত সহায়তার বিষয়টি তুলে ধরেন। সাম্প্রতিক বৈশ্বিক সঙ্কটের প্রভাবের কথা উল্লেখ করে তিনি বাংলাদেশের এলডিসি (স্বল্পোন্নত দেশ) থেকে উত্তরণের সময়সীমা বাড়ানোর অনুরোধ এবং বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে আলোচনায় নেদারল্যান্ডসের সহায়তা কামনা করেন।
উভয়পক্ষ পানি খাতে বাংলাদেশ ও নেদারল্যান্ডসের দীর্ঘ দিনের সহযোগিতা এবং জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে খাল খননসহ পানি ও বদ্বীপ ব্যবস্থাপনায় কারিগরি সহযোগিতা বৃদ্ধির উপায় নিয়ে আলোচনা করে। প্রতিমন্ত্রী জানান, পানি ব্যবস্থাপনা বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে একটি অগ্রাধিকারপ্রাপ্ত ইস্যু।
তিন দেশ সফরে যাচ্ছেন হুমায়ুন কবির : পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির আজারবাইজান, ইরাক ও আলজেরিয়া সফরে যাচ্ছেন। তার সফরের প্রথম গন্তব্য আজারবাইজানের রাজধানী বাকু। ১৫ অক্টোবর সেখানে অনুষ্ঠিত হবে এশিয়ায় পারস্পরিক সহযোগিতা ও আস্থা প্রতিষ্ঠাবিষয়ক সম্মেলনের সপ্তম শীর্ষ সম্মেলন (সিআইসিএ)। এরপর তিনি ইরাকের রাজধানী বাগদাদে ১৭ ও ১৮ অক্টোবর ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের ৫২তম অধিবেশনে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। সফরের শেষ পর্বে আলজেরিয়া সফরে দ্বিপক্ষীয় সম্পর্ক ও জ্বালানি সহযোগিতার বিষয়টি গুরুত্ব পাবে। তিন দেশ সফর শেষে আগামী ২৩ অক্টোবর হুমায়ুন কবির দেশে ফিরবেন।