
শরীয়তপুর প্রতিনিধি
নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী-চাঁদাবাজদের বিএনপি নিজেদের কাজে ব্যবহার করছে, চাঁদাবাজ আর সৈরাচার একাকার হয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন এনসিপির আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। গতকাল মঙ্গলবার দুপুরে শরীয়তপুর পৌরসভা অডিটোরিয়ামে আইনশৃঙ্খলার অবনতি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সারের ডিলার নিয়োগে দলীয়করণ, চাকরির ক্ষেত্রে নিয়োগ বাণিজ্য ও দুর্নীতির বিরুদ্ধে শরীয়তপুরে নাগরিক সমাবেশে তিনি একথা বলেন।
এ সময় তিনি বলেন, নির্বাচনের পর বিএনপি সরকার বৈষম্য ও চাঁদাবজি সিন্ডিকেট তৈরি করেছে। তারা আওয়ামী লীগের মতো করেই এখন দেশ পরিচালনা করছে। বিদেশে আওয়ামী লীগ ও দেশে বিএনপি এই দুই শক্তির কারণে বাংলাদেশের মানুষ তাদের অধিকার ফেরত পাচ্ছে না এবং বাংলাদেশে যে গণতন্ত্র প্রতিষ্ঠিত হওয়া সম্ভবনা দেখা দিয়েছিল তাও নষ্ট হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
এ দিকে বিশেষ অতিথির বক্তব্যে নাগরিক পার্টির উত্তরাঞ্চল মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, জুলাই আন্দোলনের পর বিএনপি যখন সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে নির্বাচিত হলো, আমরা ভেবেছিলাম তারা বাংলাদেশের মানুষের সরকার হয়ে উঠবে। কিন্তু প্রত্যেক জায়গায় যখন নিয়োগ হয় যখন সারের ডিলার নিয়োগ দেয়া হয় তখন দেখছি বিএনপি বাংলাদেশের সরকার হতে পারেনি। বিএনপি বিএনপির মধ্যেই সীমাবদ্ধ থেকে গেছে। আজকে সারের ডিলারশিপ নিয়োগে ব্যবসায়ী বিবেচনায় রাখা হয়নি, অভিজ্ঞতা ও যোগ্যতাও দেখা হয়নাই। এমপির ছেলে কিংবা তাদের আত্মীয় ও দলীয় লোক দেখা হয়েছে বলেও তিনি মন্তব্য করেন।
আমেরিকার বিমান বন্দরে ড. ইউনুসকে হেনস্থার কথা উল্লেখ করে তিনি বলেন, আওয়ামীলীগের কিছু উচ্ছিষ্টভোগী, কিছু মানসিক রোগী, কিছু সন্ত্রাসী ও কিছু কুলাঙ্গার ঘটনা ঘটিয়ে তারা যদি মনে করে এদেশের রাজনীতিতে তারা আবার ফিরে আসবে এদেশের মানুষ সেই সুযোগ আর দিবে না।
এনসিপি শরীয়তপুর জেলা শাখার আহবায়ক অ্যাডভোকেট মোহাম্মদ রুহুল আমিনের সভাপতিত্বে ও সদস্যসচিব সবুজ তালুকদারের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আদীব আরিফ, শ্রমিক শক্তির সদস্যসচিব ঋজু মোর্শেদ এবং বাংলাদেশ নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য ইমরান হোসেন। এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা যুবশক্তির আহ্বায়ক কাউসার, জেলা ছাত্রশক্তির আহ্বায়ক ইয়াসিন এবং নারীশক্তি ও শ্রমিকশক্তির নেতাকর্মীরা।
দেশকে কোনো আধিপত্যবাদী শক্তির আওতায় আসতে দিবে না জনগণ
মাদারীপুর প্রতিনিধি জানান, জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম বলেছেন, গঙ্গা চুক্তি এ বছর শেষ হবে, ভারতের কাছ আমাদের গঙ্গার ন্যায্য হিস্যা আদায় করে নিবো, বাংলাদেশকে আর কোনো আধিপত্যবাদী শক্তির আওতায় আসতে দিবো না। গতকাল বিকেলে মাদারীপুর শহরের লেকেরপাড়ের স্বাধীনতা অঙ্গনে নাগরিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সারের ডিলার নিয়োগে অনিয়ম, নিত্যপণ্যের দাম বৃদ্ধি, চাকরির নিয়োগ বাণিজ্যসহ বর্তমান সরকারের নানা অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে এ সমাবেশের আয়োজন করে জাতীয় নাগরিক পার্টির জেলা শাখা। অনুষ্ঠানে নাহিদ ইসলাম আরো বলেন, দেশে খুন, ধর্ষণ, চাঁদাবাড়ি, ছিনতাইসহ অপরাধমূলক কর্মকাণ্ড আগের তুলনায় কয়েকগুণ বেড়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী দেশের মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ, আর পররাষ্ট্রমন্ত্রী বিদেশের মানুষেরও নিরাপত্তা দিতে পারছে না। জুলাই সনদের কথা বলে বর্তমান সরকার দেশের মানুষের সাথে প্রতারণা করছে। গণভোটের রায় বাস্তবায়নের জন্য এনসিপি মাঠে আছে। ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত করা হবে।
এবারের স্থানীয় সরকার নির্বাচনে কোনোভাবে কারচুপি করতে দেয়া হবে না বলে এনসিপির কেন্দ্রীয় এই নেতা আরো বলেন, তারেক রহমানের বর্তমান সরকার নাকি জাতীয়তাবাদী সরকার। শুধু মুখে না বলে তাদেরকে প্রমাণ করতে হবে বাংলাদেশের মানুষের স্বার্থ কতটুকু তারা রক্ষা করতে পেরেছে। নয়তো ধরে নিবো আন্ডার টেবিল সমবোঝার মধ্যে আছে।
জাতীয় নাগরিক পার্টির মাদারীপুর জেলা শাখার আহবায়ক মনিরুল ইসলাম তুষার ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন দলটির মূখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম আদিব, জেলা শাখার সদস্যসচিব ইয়াজ্জেন হোসেন রোমান, সাংগঠনিক সম্পাদক মো হাসিবুল্লাহসহ প্রমুখ।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








