
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল পরিমাণ ওষুধ জব্দ করেছেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা।
রোববার (১৫ নভেম্বর) দুপুর পৌনে ২টার দিকে বিমানবন্দরের আরএডব্লিউ-সি এলাকায় চীনগামী এক যাত্রীর হ্যান্ডব্যাগ থেকে এসব ওষুধ জব্দ করা হয়।
জানা যায়, দুপুর পৌনে ২টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আরএডব্লিউ-সি এলাকায় চীনগামী এক যাত্রীর হ্যান্ডব্যাগ স্ক্যানিং চলছিল। দায়িত্বরত আনসার ব্যাটালিয়ন সদস্য সিপাহি মো: রাজেকুল ইসলামের (২৭ বিএন) কাছে ব্যাগটি সন্দেহজনক মনে হয়।
তাৎক্ষণিকভাবে এভসেক সদস্যদের সাথে নিয়ে ব্যাগটি তল্লাশি করেন সিপাহি রাজেকুল। এ সময় কাস্টমস ছাড়পত্রহীন ওই ব্যাগ থেকে বেরিয়ে আসে অ্যান্টিবায়োটিকসহ বিপুল পরিমাণ উচ্চমূল্যের ওষুধ। যেগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ছয় লাখ টাকা।
ঘটনাটি ‘এভসেক-২০’ কর্তৃপক্ষকে জানানো হলে ওষুধগুলো জব্দ এবং কাস্টমসকে অবহিত করার নির্দেশ আসে। ওয়াকিটকির মাধ্যমে এভসেকের নির্দেশনা পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন এপিসি মো: সাইফুল ইসলাম ও আনসার সদস্য মো: শিলন ইসলাম। পরে শিফট টিআই জনাব মো: ওমর ফারুককে জানালে তার উপস্থিতিতে জব্দকৃত সব ওষুধ এভসেক কন্ট্রোল রুমে হস্তান্তর করা হয়।
বিমানবন্দরের নিরাপত্তায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এমন পেশাদারিত্ব ও সক্রিয় তৎপরতার প্রশংসা করেছে এভসেক কর্তৃপক্ষ।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








