ডিমলায় জব্দকৃত সরকারি পাথর লুট, মামলার ঘোষণা ইউএনওর
নিলামের জন্য সংরক্ষিত স্থান থেকে সরকারি পাথর লুটের ঘটনা ঘটে। নয়া দিগন্ত

নীলফামারীর ডিমলায় তিস্তা নদীর তীরে জব্দকৃত সরকারি পাথর ও মালামাল আত্মসাতের অভিযোগ উঠেছে। উপজেলার টেপাখড়িবাড়ি ইউনিয়নে টাস্কফোর্সের অভিযানে জব্দ করা পাথরের সাতটি লটের মধ্যে নিয়মবহির্ভূতভাবে দুই নম্বর লটের সমস্ত পাথর গোপনে বিক্রির চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। সরকারি সম্পদ লুটের ঘটনায় মামলাসহ কঠোর ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে উপজেলা প্রশাসন।

Advertisement

রোববার (১৫ নভেম্বর) উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: ইমরানুজ্জামান পাথর লুটে জড়িতদের বিরুদ্ধে মামলাসহ কঠোর ব্যবস্থা নেয়ার কথা জানান।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গত ১৪ অক্টোবর তিস্তা নদীতে উপজেলা প্রশাসনের অভিযানে ৭টি সাইট থেকে প্রায় ১৬ হাজার ৫৮৮ সিএফটি অবৈধ পাথর, পাঁচটি ক্রাশার মেশিন এবং ৪০০ সিএফটি পাথরসহ একটি ট্রাক জব্দ করা হয়। এ ঘটনায় ডিমলা থানায় নিয়মিত মামলাও দায়ের করা হয়। পরে ২৮ অক্টোবর পাঁচটি লট উন্মুক্ত নিলামে বিক্রি করা হলেও উপযুক্ত মূল্য না পাওয়ায় দুই ও চার নম্বর লটের নিলাম স্থগিত রাখা হয়। এর মধ্যে দুই নম্বর লটে (হাবিবুরের পয়েন্ট) দুই হাজার ২২৯ সিএফটি থ্রি-ফোর সাইজের পাথর তালিকাভুক্ত ছিল।

রাষ্ট্রীয় আইন ও প্রশাসনিক নিষেধাজ্ঞাকে তোয়াক্কা না করে, নিলাম প্রক্রিয়া ছাড়াই দুই লাখ টাকা মূল্যের জব্দকৃত পাথর রাতের আঁধারে বিক্রি করে দেয়ার অভিযোগ উঠেছে লটের পূর্বের মালিক হাবিবুর রহমানের বিরুদ্ধে। সরকারি জিম্মায় থাকা রাষ্ট্রীয় সম্পদ লুটপাটের ঘটনায় স্থানীয় জনমনে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।

এ বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত হাবিবুর রহমানের মোবাইলফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

তৃতীয় দরদাতা মো: রেজাউল করিম নয়া দিগন্তকে জানান, ‘নিলামে সর্বোচ্চ ১০৫ টাকা দর উঠলেও প্রথম ও দ্বিতীয় দরদাতা ১০ শতাংশ জামানত দিতে না পারায় ৬৫.৭০ টাকা দরে আমার ডাকটি চূড়ান্ত হয় এবং আমি জামানতের টাকাও জমা দিই। কিন্তু বাজারে দাম কমের অজুহাতে নানা টালবাহানা করে আমাকে মাল বুঝিয়ে দেয়া হয়নি। ওই পয়েন্টে আড়াই থেকে তিন হাজার সিএফটি থ্রি-ফোর ভাঙা পাথর থাকলেও বর্তমানে সেখানে মাত্র ৫০ সিএফটি অবশিষ্ট আছে। বাকি পাথর কারা কীভাবে সরিয়ে ফেলেছে, তা আমার জানা নেই।’

স্থানীয় বাসিন্দা মো: রজব আলী অভিযোগ করে বলেন, ‘তৃতীয় দরদাতা নিয়ম অনুযায়ী ১০ শতাংশ জামানতের টাকা দেয়ার পরও রহস্যজনকভাবে তার টাকা ফেরত দেয়া হয়। পরে, নতুন কোনো ডাক বা নিলাম ছাড়াই সাইটের মূল মালিক হাবিবুর রহমান নিজে এক লাখ ৭০ হাজার টাকা মূল্যের দুই হাজার সিএফটি জব্দকৃত পাথর গোপনে বিক্রি করে দেন।’

এ বিষয়ে কঠোর ব্যবস্থা গ্রহণের কথা জানিয়ে ডিমলার ইউএনও মো: ইমরানুজ্জামান নয়া দিগন্তকে বলেন, ‘নিয়মবহির্ভূতভাবে বা নিলাম ছাড়াই সরকারি জব্দকৃত পাথর কিংবা কোনো মালামাল কেউ নিয়ে গেলে বা বিক্রি করলে জড়িতদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে নিয়মিত মামলা দায়ের করা হবে। রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় কোনো ছাড় দেয়া হবে না। সুনির্দিষ্ট তথ্য পেলে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’