স্বচ্ছতা নিশ্চিতে লটারিতে গণপূর্ত প্রকৌশলীদের বদলি-পদায়ন


বদলি বাণিজ্য বন্ধ, প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত এবং সঠিক স্থানে যোগ্য ব্যক্তি বসাতে এবার লটারির মাধ্যমে বদলি করা হচ্ছে গণপূর্ত অধিদফতরের ১৫৫ জন নির্বাহী প্রকৌশলীকে। গতকাল সচিবালয়ে লটারির কার্যক্রম উদ্বোধন শেষে এ কথা জানান গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের। অনুষ্ঠানে গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর, গৃহায়ন ও গণপূর্ত সচিব মো: ওবায়দুর রহমান ও গণপূর্তের প্রধান প্রকৌশলী মো: খালেকুজ্জামান চৌধুরী উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান, রূপপুর প্রকল্পের অতীতের বিতর্ক থেকে বেরিয়ে গণপূর্তকে জবাবদিহিমূলক করতে এ পর্যন্ত মোট এক হাজার ৪৩০ জন উপসহকারী, সহকারী ও উপবিভাগীয় প্রকৌশলীকে লটারিতে বদলি করা হয়েছে। তবে বঙ্গভবন, গণভবন ও সংসদ সচিবালয়ের মতো স্পর্শকাতর পদগুলো লটারির বাইরে রাখা হয়েছে।
জমি দখল ও আবাসন অনিয়ম রোধে মন্ত্রী বলেন, মন্ত্রণালয়ের অধীনে উন্নয়ন কর্তৃপক্ষগুলোকে নিয়ে একটি ‘ল্যান্ড ব্যাংক’ তৈরির নির্দেশ দেয়া হয়েছে। এ ছাড়া চলতি সপ্তাহেই আবাসন বরাদ্দ প্রক্রিয়া পুরোপুরি ডিজিটাল করা হবে।
এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, পুরনো ভবন ও পার্কিং সঙ্কটের কারণে শেরেবাংলা নগরে পুরনো বাণিজ্যমেলার মাঠে নতুন সচিবালয় করার একটি প্রস্তাব তৈরি হয়েছে। প্রস্তাবিত ৩০ থেকে ৩২ লাখ বর্গফুটের এ প্রকল্প আগামী মন্ত্রিসভায় অনুমোদন পেলে এ সরকারের মেয়াদেই কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে। বিজ্ঞপ্তি।

Advertisement