৩ মন্দিরের চুরির নেপথ্যে ১ দম্পতি : গ্রেফতার ৪

 নিজস্ব প্রতিদেক
দুর্গাপূজার প্রাক্কালে রাজধানীর রমনা কালী মন্দির, সিদ্ধেশ্বরী কালী মন্দির এবং নারায়ণগঞ্জের বাবা লোকনাথ মন্দির থেকে স্বর্ণালঙ্কার চুরির ঘটনার নেপথ্যে সক্রিয় ছিল একই সঙ্ঘবদ্ধ চক্র। এই চুরির ঘটনায় জড়িত এক দম্পতিসহ মোট চারজনকে গ্রেফতারের পর পুরো চক্রটির অপতৎপরতার তথ্য সামনে এনেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গতকাল মঙ্গলবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়।
ডিএমপি জানায়, সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া এই চুরির ধারাবাহিকতায় গত ৭ অক্টোবর বিকেলে রমনা কালী মন্দির থেকে ছয় আনা ওজনের স্বর্ণালঙ্কার চুরি হয়। এ ঘটনায় শাহবাগ থানায় লিখিত অভিযোগ জমা পড়ার পর ছায়া তদন্তে নামে পুলিশ। পরে রাজধানীর উত্তরখান এলাকায় অভিযান চালিয়ে চুরির সাথে সরাসরি জড়িত লিপি কর্মকার ও অর্ণব রায় নামের এক দম্পতিকে গ্রেফতার করা হয়। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই আনা চোরাই স্বর্ণালঙ্কার উদ্ধারসহ জড়িত একজন জুয়েলার্স মালিককে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে, কেবল রমনা কালী মন্দিরই নয়; সম্প্রতি নারায়ণগঞ্জের বাবা লোকনাথ মন্দির এবং রাজধানীর সিদ্ধেশ্বরী কালী মন্দিরে সংঘটিত স্বর্ণ চুরির ঘটনায়ও সরাসরি এই চক্রটি জড়িত। গ্রেফতারকৃত চারজনই পুলিশের কাছে এসব চুরির সাথে নিজেদের সম্পৃক্ততা ও দায় স্বীকার করেছেন। এ চক্রের সদস্যরা অন্য কোনো মন্দির কিংবা এলাকায় একই ধরনের অপরাধে জড়িত রয়েছে কি না- তা খতিয়ে দেখা হচ্ছে।
স্ত্রীকে হত্যা করে ভারতে পালানোর সময় গ্রেফতার : ঢাকার আশুলিয়ায় চাঞ্চল্যকর পোশাকশ্রমিক বীথি আক্তার (২২) হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করেছে পিবিআই ঢাকা জেলা। পরকীয়া সন্দেহে স্ত্রীকে গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যার পর ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট থানার বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী খাসপাড়া বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয় স্বামী মো: মজনু রাজাকে (৩৯)। 
পিবিআই সূত্রে জানা যায়, প্রায় চার বছর আগে তাদের বিয়ে হয়। মজনু গাজীপুরের কাশিমপুরের শৈলডুবিতে একটি অটো গ্যারেজের মেকানিক ছিলেন এবং বীথি আশুলিয়ার একটি পোশাক কারখানায় কাজ করতেন। স্ত্রীর সহকর্মীদের সাথে মেলামেশা নিয়ে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। গত ১২ আগস্ট বাসায় ফিরে সহকর্মীর সাথে পরকীয়ার অভিযোগ তুলে স্ত্রীর সাথে বাগি¦তণ্ডায় জড়ান মজনু। একপর্যায়ে মজনু বীথিকে বিছানায় ফেলে গামছা গলায় শক্ত করে পেঁচিয়ে শ্বাস রোধ করে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যান। 
পরদিন নিহতের মা মোছা: মেরিনা বেগম দরজা খোলা পেয়ে মেয়ের নিথর দেহ খাটের ওপর পড়ে থাকতে দেখেন। এ ঘটনায় নিহতের পিতা মো: বাদশা মিয়া বাদি হয়ে আশুলিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। গ্রেফতারের পর মজনু মিয়া আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন।
জুয়ায় সর্বস্বান্ত হয়ে মার্কেটে আগুনের হুমকি : গাজীপুরের চান্দনা চৌরাস্তায় অবস্থিত হাজী আবদুর রহিম পাইকারী মার্কেটে আগুন ধরিয়ে দেয়ার হুমকি দিয়ে এক লাখ টাকা চাঁদা দাবির ঘটনায় মো: জুয়েল আহমেদ (২৬) নামে এক চাঁদাবাজকে গ্রেফতার করেছে পিবিআই গাজীপুর জেলা। মামলার বিবরণে জানা যায়, গত ৬ অক্টোবর মার্কেট পরিচালনা কমিটির এক নেতার কাছে ফোন করে এক লাখ টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদা না দিলে পুরো মার্কেট পুড়িয়ে ফেলা এবং খুন-জখমের হুমকি দেয়া হয়। ভয়ে প্রথমে বিকাশের মাধ্যমে তিন হাজার এবং পরে দুই হাজার টাকা পাঠান এবং পরে বাকি ৫০ হাজার টাকা দেয়ার কথা ছিল। এ ঘটনায় বাসন থানায় মামলা দায়েরের পর তাকে গ্রেফতার করে পিবিআই। তদন্তে বেরিয়ে আসে, সাড়ে পাঁচ বছর গার্মেন্টে চাকরি করা জুয়েল অনলাইন জুয়া ও ক্যাসিনোতে আসক্ত হয়ে প্রায় তিন লাখ টাকা ঋণগ্রস্ত হয়ে পড়েছিলেন। সেই ঋণের চাপ থেকেই তিনি এই অভিনব হুমকি ও চাঁদাবাজির পথ বেছে নেন। 
এ দিকে অপরাধ দমন ও শৃঙ্খলা বজায় রাখতে রাজধানীর বিভিন্ন থানা এলাকা থেকে ৪৭৬ জনকে গ্রেফতার এবং মোট ৫১টি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি।

Advertisement