
খুলনা ব্যুরো
নগরীর যানজট নিরসনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ট্রাফিক ব্যবস্থা চালু, নিজস্ব ভবনে সোলার প্যানেল বসানো এবং রাস্তাঘাট অবৈধ দখলমুক্তকরণসহ একগুচ্ছ সিদ্ধান্ত নিয়েছে খুলনা সিটি করপোরেশন (কেসিসি)। গতকাল নগর ভবনে কেসিসি পরিচালনা কমিটির ১৪তম সভায় এসব প্রস্তাব অনুমোদিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।
সভায় ডেঙ্গু ও চিকুনগুনিয়া পরিস্থিতি সামলাতে সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত নারায়ণগঞ্জ ডকইয়ার্ড থেকে মশক নিধন ওষুধ কেনার সিদ্ধান্ত হয়। মশা নিয়ন্ত্রণে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি প্রতিদিন দুই শিফটে চার ঘণ্টা করে পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে। এ ছাড়া বাসাবাড়ি থেকে বর্জ্য সংগ্রহে শৃঙ্খলা ফেরাতে ভ্যানচালকদের তালিকাভুক্ত করার উদ্যোগ নেয়া হয়েছে।
নগরীর যোগাযোগব্যবস্থা ও জনস্বার্থে সভায় কেডিএ অ্যাভিনিউ ও ময়লাপোতা মোড়ের নাম বদলে ‘বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম সরণি’ করার সিদ্ধান্ত হয়, যা বাস্তবায়নে কেডিএকে চিঠি পাঠানো হবে। পাশাপাশি বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মুজিবর রহমানের নামে খুলনা কলেজিয়েট গার্লস স্কুলের বিজ্ঞান ভবনের নামকরণের অনুমোদন দেয়া হয়।
রাস্তায় বেওয়ারিশ কুকুর নিয়ন্ত্রণে প্রাণিসম্পদ দফতরের সহায়তায় কমিটি গঠন এবং ওয়াসা কর্তৃক খোঁড়া রাস্তা মেরামতে বিশেষ চুক্তি অনুমোদিত হয়েছে।
কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদের সঞ্চালনায় সভায় কেএমপি, ওয়াসা, কেডিএ ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








