মানহীন কাজ হলে রেলওয়ে কারখানা বন্ধ করে দেন : রেলপথমন্ত্রী
সৈয়দপুরে পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন শেখ রবিউল আলম : নয়া দিগন্ত।

সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা

Advertisement

রেলওয়ে কারখানার কাজের মান নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করে রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, এমন মানহীন কাজের দরকার নেই, বন্ধ করে দেন। গতকাল মঙ্গলবার সকালে সৈয়দপুর রেলওয়ে কারখানার ক্যারেজ শপ পরিদর্শনে গিয়ে কাজের অসঙ্গতি দেখে তিনি এই ক্ষোভ প্রকাশ করেন।
এ সময় কর্মকর্তাদের উদ্দেশে মন্ত্রী বলেন, আপনারা কাজের তদারকি করেন না, কাজ বুঝেও নেন না। নিজেরাও বোঝেন না বলেই এমন অবহেলা। দক্ষ জনশক্তি দিয়ে মান নিশ্চিত করে কাজ করতে পারলে করেন, নয়তো সব কাজ বন্ধ রাখেন। এ সময় তার সাথে ছিলেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম ও রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরে তারা কারখানায় পৌঁছে ক্যারেজ শপ, ওয়াগন শপ, মেশিন টুল শপ ও সিঅ্যান্ডএইচ শপ পরিদর্শন করেন। ক্যারেজ শপে কোচ তৈরির ক্ষেত্রে জানালার ফিনিশিং ও উপকরণের মান দেখে মন্ত্রী চরম অসন্তোষ প্রকাশ করেন।