অস্ট্রেলিয়াকে উড়িয়ে সিরিজে সমতা ফেরাল ইংল্যান্ড
অস্ট্রেলিয়াকে উড়িয়ে সিরিজে সমতা ফেরাল ইংল্যান্ড। ক্রিকইনফো

টম ব্যান্টনের দুর্দান্ত সেঞ্চুরিতে রোববার অ্যাডিলেডে দ্বিতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে ১৩৫ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে ইংল্যান্ড। এই জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে সফরকারীরা।

Advertisement

দুই দিন আগে পার্থে মাত্র ১৩১ রানে অলআউট হয়ে যাওয়া ইংল্যান্ড দ্বিতীয় ওয়ানডেতে দারুণভাবে ঘুরে দাঁড়ায়। আগে ব্যাট করে ৬ উইকেটে ৩৫৫ রানের বড় সংগ্রহ গড়ে তারা। জবাবে অস্ট্রেলিয়াকে ২২০ রানে অলআউট করে দেয় ইংলিশরা।

ইংল্যান্ডের হয়ে দ্বিতীয় ওয়ানডে সেঞ্চুরি তুলে নিয়ে দলকে সামনে থেকে নেতৃত্ব দেন ব্যান্টন। তাকে দারুণভাবে সহায়তা করেন জো রুট (৬২), উইকেটরক্ষক জর্ডান কক্স (৬৭) ও উইল জ্যাকস (অপরাজিত ৫৪)।

মাত্র ৯৯ বলে ১২টি চার ও চারটি ছক্কায় ১২১ রান করেন ব্যান্টন। পার্থে অস্ট্রেলিয়ার জয়ের নায়ক মাহলি বিয়ার্ডম্যান না থাকায় স্বাগতিকদের বোলিং আক্রমণের ওপর ছড়ি ঘোরান তিনি।

অস্ট্রেলিয়ার সামনে বড় লক্ষ্য দাঁড় করানোর পর ইংল্যান্ডের হয়ে গাস অ্যাটকিনসন ও সনি বেকার শুরুতেই স্বাগতিকদের চাপে ফেলেন। সাত ওভারে ২৯ রানে চার উইকেট হারিয়ে প্রায় অসম্ভব অবস্থায় পড়ে অস্ট্রেলিয়া। অ্যাটকিনসন ২৭ রানে চারটি এবং বেকার ৪৩ রানে একটি উইকেট নেন।

অস্ট্রেলিয়ার হয়ে একমাত্র প্রতিরোধ গড়েন ম্যাট রেনশ (৬৩) ও ক্যামেরন গ্রিন (৬৪)। দুজনই ইনিংসের শুরুতে ক্যাচ দিয়ে বেঁচে যান।

এর আগে টস জিতে ইংল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠান অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচ মার্শ। তবে ১৯ রানের মাথায় বেন ডাকেটকে হারায় সফরকারীরা।

পার্থের তুলনায় ব্যাটিংয়ের জন্য অনেক বেশি অনুকূল কন্ডিশনে বড় সংগ্রহ গড়ে ইংল্যান্ড। ব্যান্টন ও রুট দারুণ ব্যাটিং করে দ্বিতীয় উইকেটে ১৩৭ রানের জুটি গড়েন। অস্ট্রেলিয়ার মাটিতে দ্বিতীয় উইকেটে এটিই ইংল্যান্ডের সর্বোচ্চ জুটি।

স্পিনার কুপার কনোলির বলে ভুল শট খেলে কভার অঞ্চলে ক্যাচ দিয়ে ফেরেন রুট। এরপর অধিনায়ক হ্যারি ব্রুকও মাত্র পাঁচ রান করে আউট হন।

তবে জর্ডান কক্স ও উইল জ্যাকস দলের রানের গতি ধরে রাখেন। শেষ ওভারে জ্যাক এডওয়ার্ডসের বলে পরপর দুটি ছক্কা হাঁকান অ্যাটকিনসন। ওই ওভারে ১৮ রান তোলে ইংল্যান্ড।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে অস্ট্রেলিয়া। অ্যাটকিনসনের বলে ব্যাটের কানায় লেগে প্রথম স্লিপে জো রুটের হাতে ক্যাচ দেন ট্রাভিস হেড। দুই বল পর একই বোলারের বলে দ্বিতীয় স্লিপে হ্যারি ব্রুকের হাতে ক্যাচ দিয়ে ফেরেন কুপার কনোলি।

এরপর সনি বেকারের অফ স্টাম্পের বাইরের বলে কাট করতে গিয়ে মার্শ ক্যাচ দেন রুটকে। বাঁ দিকে উঁচুতে ঝাঁপিয়ে অসাধারণ ক্যাচ নেন ইংলিশ ব্যাটার।

অ্যাটকিনসনের বলে জশ ইংলিসের ব্যাটের ভেতরের কানায় লেগে বল চলে যায় উইকেটরক্ষক কক্সের হাতে। ফলে ১৩ রানে তিন উইকেট থেকে ২৯ রানে চার উইকেটে পরিণত হয় অস্ট্রেলিয়ার স্কোর।

এরপর ধৈর্য ধরে ব্যাটিং করে দলের সম্মান কিছুটা রক্ষা করেন রেনশ ও গ্রিন। তবে রান তোলার হার অনেক বেশি থাকায় ম্যাচে ফেরার কোনো সুযোগ পায়নি অস্ট্রেলিয়া। জোফরা আর্চারের নিখুঁত ইয়র্কারে স্পেন্সার জনসন বোল্ড হলে শেষ হয় স্বাগতিকদের ইনিংস।

আগামী বুধবার হোবার্টে সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল।