
সিলেট নগরীর শাহজালাল উপশহরে গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (১৪ নভেম্বর) দিবাগত রাত পৌনে ৩টার দিকে কার্যালয়ের ভবনের দুই পাশে আগুন দেয়ার পাশাপাশি গ্যারেজে রাখা একটি গাড়িতেও আগুন দেয়ার অভিযোগ উঠছে।
এতে ব্যাংকের কিছু গুরুত্বপূর্ণ নথি পুড়ে গেছে এবং গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।
গ্রামীণ ব্যাংকের সিলেট আঞ্চলিক কার্যালয়ের ব্যবস্থাপক মো: আবুল হোসেন জানান, শাহজালাল উপশহরের এইচ ব্লকের ১ নম্বর সড়কের ২৩২/১ নম্বর বাড়িতে তাদের কার্যালয়। রাত পৌনে ৩টার দিকে দুর্বৃত্তরা পলিথিনের প্যাকেটে তরল জ্বালানি নিয়ে এসে প্রথমে ভবনের উত্তর পাশে ও পরে পূর্ব পাশে আগুন দেয়। একপর্যায়ে গ্যারেজে রাখা তার গাড়িতেও আগুন দেয়া হয়।
তিনি জানান, এক কর্মচারী আগুন দেখতে পেয়ে অন্যদের খবর দেন। পরে ফায়ার সার্ভিস ও শাহপরান থানায় খবর দেয়া হয়। তবে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই কর্মকর্তা-কর্মচারীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।
তিনি আরো জানান, আগুনে কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে। তার গাড়িটিও ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিকভাবে প্রায় এক লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় আবুল হোসেন সিলেট মহানগর পুলিশের (এসএমপি) শাহপরান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
এ ব্যাপারে শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমদ বলেন, ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করছে পুলিশ। তবে, এতোবড় অফিস কিন্তু কোনো সিসি ক্যামেরা না থাকায় আগুন লাগার কারণ জানা যাচ্ছে না। তবে পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








