
বান্দরবান প্রতিনিধি
পাহাড়ি সশস্ত্র গোষ্ঠীর চাঁদা দাবি ও হুমকির মুখে নিরাপত্তার আশঙ্কায় বান্দরবান-থানচি সড়কে অনির্দিষ্টকালের জন্য যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রয়েছে। গত দুই দিন ধরে বাস চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রী ও পর্যটকেরা। বাস মালিক সমিতি জানায়, সম্প্রতি একটি পাহাড়ি সশস্ত্র সংগঠন মালিকদের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে। চাঁদা না দিলে গাড়ি চলাচল বন্ধের হুমকি দেয়া হয়। এর পরপরই নিরাপত্তাহীনতায় বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়।
প্রায় ৭৭ কিলোমিটার দীর্ঘ এই সড়কের বলিপাড়া ও কমলা বাগানসহ বিভিন্ন পয়েন্টে কয়েকটি সশস্ত্র সংগঠন চাঁদাবাজি করছে বলে স্থানীয়রা জানান। বাস বন্ধ থাকায় যাত্রীরা জিপ, চাঁদের গাড়ি ও মোটরসাইকেলের মতো হালকা যানবাহনে অতিরিক্ত ঝুঁকি ও বাড়তি ভাড়া গুনে যাতায়াত করছেন। জিপ-মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি নাসিরুল আলম জানান, পর্যটক ও যাত্রীদের দুর্ভোগ কমাতে আপাতত চাঁদের গাড়ি চালানো হচ্ছে। বান্দরবানের পুলিশ সুপার মো: ওহাবুল ইসলাম খন্দকার জানান, কারা চাঁদা দাবি করেছে তা খতিয়ে দেখা হচ্ছে। দ্রুততম সময়ে যাত্রীবাহী বাস চলাচল স্বাভাবিক করতে প্রয়োজনীয় সব প্রশাসনিক ও নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








