লক্ষ্মীপুরে অডিট কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ
মো: মনজুরুল আলম।

লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুর সদর উপজেলার ১৮টি ভূমি অফিস থেকে ১২ লাখ ৬০ হাজার টাকা ঘুষ দাবির অভিযোগ উঠেছে ভূমি মন্ত্রণালয়ের রাজস্ব বিভাগের জেলা হিসাব তত্ত্বাবধায়ক মো: মনজুরুল আলমের বিরুদ্ধে। অফিসপ্রতি ৬০ হাজার থেকে দুই লাখ টাকা দাবি করে তা না দিলে অনিয়মের অভিযোগে ফাঁসিয়ে দেয়ার হুমকি দেয়ার অভিযোগ করেছেন সংশ্লিষ্ট ভূমি কর্মকর্তারা। গত অর্থবছরেও জেলার ভূমি অফিসগুলো থেকে অর্ধকোটি টাকা আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
সংগৃহীত সিসিটিভি ফুটেজে দেখা যায়, গত ৫ ও ৬ অক্টোবর সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত জেলা শহরের পুরাতন শহীদ মিনার এলাকার একটি ভবনে ভূমি কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেন মনজুরুল আলম। এ সময় ঘুষের চাহিদা জানিয়ে সে অনুযায়ী প্রস্তুতি নিতে বলেন তিনি। বৈঠকের অডিও রেকর্ডে কয়েকজন কর্মকর্তা অপারগতা প্রকাশ করলে তার ক্ষুব্ধ প্রতিক্রিয়া এবং অতিরিক্ত চাহিদা ও লাখ টাকার অডিট আপত্তির হুমকি শোনা যায়।
গত ৭ অক্টোবর একটি ইউনিয়ন ভূমি অফিসে অডিট করে নগদ ৬০ হাজার টাকা নেয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। পরে অন্য অফিসে যাওয়ার সময় সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে অডিট না করেই এক সহযোগীকে নিয়ে চলে যান তিনি। ১১ অক্টোবর থেকে আবারো অডিটের নামে ভূমি কর্মকর্তাদের ওপর অর্থের জন্য চাপ দেয়ার অভিযোগ ওঠে।
নাম প্রকাশ না করার শর্তে ভূমি অফিসার্স কল্যাণ সমিতির এক নেতা বলেন, অফিসপ্রতি ৬০ হাজার থেকে দুই লাখ টাকা দাবি করা হয়েছে। দাবি পূরণ না করলে নানা অজুহাতে ফাঁসিয়ে দেয়ার হুমকি দেয়া হয়েছে।
এর আগে কুমিল্লা উত্তর এলাকায় অডিট সুপারিনটেনডেন্ট হিসেবে দায়িত্ব পালনকালে মনজুরুল আলমের বিরুদ্ধে ঘুষ গ্রহণ ও হয়রানির অভিযোগ উঠেছিল বলে জানা গেছে। অভিযুক্ত মনজুরুল আলম সাংবাদিকদের কাছে ঘুষ নেয়ার বিষয়টি স্বীকার করে বলেন, তিনি টাকা নেন, তবে অভিযোগে উল্লেখ করা পরিমাণের চেয়ে কম। এ বিষয়ে আরো অনেক বিষয় রয়েছে বলেও দাবি করেন তিনি।

Advertisement