জনপ্রশাসন সংস্কারে ইউএনডিপির সহায়তা চাইলেন উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

Advertisement

প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা মো: ইসমাইল জবিউল্লাহর সাথে বৈঠক করেছেন জাতিসঙ্ঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) আবাসিক প্রতিনিধি স্টিফেন রড্রিগস। গতকাল সোমবার সচিবালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। ইউএনডিপির প্রতিনিধিদলে আরো উপস্থিত ছিলেন উপ-আবাসিক প্রতিনিধি সোনালি দায়ারতেœ, সহকারী আবাসিক প্রতিনিধি আনোয়ারুল হক, জ্যেষ্ঠ গভর্ন্যান্স স্পেশালিস্ট তানভীর মাহমুদ এবং ইউএনডিপি বাংলাদেশের ‘স্ট্রেনদেনিং ইনস্টিটিউশনস, পলিসিস অ্যান্ড সার্ভিসেস’ (এসআইপিসি) প্রকল্পের ব্যবস্থাপক মাহমুদুল হাসান। এ ছাড়া বৈঠকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্ন্যান্স ইনোভেশন ইউনিটের (জিআইইউ) মহাপরিচালক ড. দেলোয়ার হোসেন উপস্থিত ছিলেন।
বৈঠকে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিফেন রড্রিগস উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহকে বাংলাদেশে সংস্থাটির চলমান কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। বিশেষ করে গভর্ন্যান্স ইনোভেশন, সরকারি খাতের সংস্কার, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং নাগরিককেন্দ্রিক সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্ন্যান্স ইনোভেশন ইউনিটের সাথে অংশীদারত্বের বিষয়টি তুলে ধরেন তিনি। এই যৌথ অংশীদারত্বের লক্ষ্য হলো আরো সাড়াদানকারী, জনবান্ধব, তথ্য-প্রমাণভিত্তিক ও জবাবদিহিমূলক জনপ্রশাসন গড়ে তোলা। বৈঠকে উভয় পক্ষ ভবিষ্যতে সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র নিয়েও বিস্তারিত আলোচনা করেন।
বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় ইউএনডিপির অব্যাহত সহায়তায় সন্তোষ প্রকাশ করে সংস্থাটির প্রতি কৃতজ্ঞতা জানান উপদেষ্টা। তিনি বলেন, ইউএনডিপি দীর্ঘদিন ধরে বাংলাদেশের অন্যতম বিশ্বস্ত উন্নয়ন সহযোগী।
মো: ইসমাইল জবিউল্লাহ সুশাসনের উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সরকারি কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধিতে ইউএনডিপির আরো সহায়তা কামনা করেন। একই সাথে বিএনপির নির্বাচনী ইশতেহারের সাথে সামঞ্জস্য রেখে নাগরিককেন্দ্রিক উদ্যোগ বাস্তবায়ন ও সেবা সহজীকরণে সংস্থাটির সহযোগিতা চান তিনি।
ইউএনডিপি বর্তমান সরকারের অগ্রাধিকার ও সংস্কার কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা অব্যাহত রাখার আগ্রহ প্রকাশ করেছে। বিশেষ করে সুশাসনে উদ্ভাবন, সরকারি খাতের সংস্কার, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং নাগরিককেন্দ্রিক সেবা প্রদানের ক্ষেত্রে সহযোগিতা অব্যাহত রাখতে চায় সংস্থাটি।