চট্টগ্রামের প্রবীণ সাংবাদিক সুলতান আশরাফীর ইন্তেকাল

চট্টগ্রাম ব্যুরো
 চট্টগ্রামের প্রবীণ সাংবাদিক সুলতান আহমেদ আশরাফী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দৈনিক আজাদীর সাবেক সিনিয়র সহ-সম্পাদক এবং চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সাবেক সহ-সভাপতি ও কোষাধ্য সুলতান আহমেদ আশরাফীর বয়স হয়েছিল ৭৯ বছর।
রোববার রাত সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম নগরীর পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। জানা যায়, কয়েক দিন আগে হঠাৎ হৃদ্রোগে আক্রান্ত হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।
সোমবার সকালে চট্টগ্রাম নগরীর দেবপাহাড় জামে মসজিদ প্রাঙ্গণে প্রবীণ এই সাংবাদিকের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। নামাজে জানাজা শেষে চট্টগ্রাম প্রেস ক্লাব, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে), বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নসহ (বিএফইউজে) বিভিন্ন সাংবাদিক সংগঠনের পক্ষ থেকে মরহুমের কফিনে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানানো হয়। জোহরের নামাজের পর চট্টগ্রামের বাঁশখালী উপজেলার মধ্যম সরল বাইতুর রহমান জামে মসজিদ প্রাঙ্গণে দ্বিতীয় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

Advertisement