মিরপুরে গুলিতে শিক্ষার্থীর চোখ নষ্টের মামলায় সাবেক অতিরিক্ত ডিআইজি হামিদুল আলম গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর মিরপুরে পুলিশের গুলিতে এক শিক্ষার্থীর চোখ নষ্ট হওয়ার ঘটনায় দায়ের করা মামলায় পুলিশের অবসরপ্রাপ্ত অতিরিক্ত উপমহাপরিদর্শক (ডিআইজি) মো: হামিদুল আলমকে গ্রেফতার দেখানো হয়েছে। গতকাল সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন। 
আদালত সূত্রে জানা গেছে, গতকাল সোমবার সকালে মো: হামিদুল আলমকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো: আশিকুজ্জামান তাকে এ মামলায় আনুষ্ঠানিকভাবে গ্রেফতার দেখানোর জন্য আদালতে আবেদন করেন। শুনানি শেষে বিজ্ঞ আদালত পুলিশের আবেদন মঞ্জুর করে তাকে গ্রেফতার দেখানোর আদেশ দেন। আদালতের এ আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) মুহাম্মদ শামসুদ্দোহা।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ২০ জুলাই মিরপুর-১০ গোলচত্বরের শাহ আলী প্লাজার সামনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সিয়াম ব্যাপারী নামের এক শিক্ষার্থীর ডান চোখে গুলি লাগে। এতে তার ডান চোখটি সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। পরে চিকিৎসা শেষে তিনি ২০২৫ সালের ১৩ ফেব্রুয়ারি বাদি হয়ে মিরপুর মডেল থানায় এ মামলাটি দায়ের করেন। 
আদালত ও পুলিশ সূত্রে আরো জানা যায়, অবসরপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি মো: হামিদুল আলম আগে থেকেই কারাবন্দী ছিলেন। এর আগে গত ৬ মে বগুড়ায় দায়ের করা একটি দুর্নীতির মামলায় তাকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছিল।
জাল ভিসায় ইতালি পাঠিয়ে ৪০ লাখ টাকা আত্মসাৎ : ইউরোপের দেশ ইতালিতে আকর্ষণীয় চাকরি ও উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে দুই যুবকের কাছ থেকে ৪০ লাখ টাকা হাতিয়ে নিয়ে ভুয়া শেনজেন ভিসায় দেশটিতে পাঠানোর অভিযোগে মানবপাচার চক্রের সক্রিয় সদস্য মো: কামাল হোসেনকে (৪৭) গ্রেফতার করেছে সিআইডি। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সোমবার সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) মো: ছুফি উল্লাহ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
গৃহকর্মীকে সঙ্ঘবদ্ধ ধর্ষণ, নাগ রাসেল গ্রেফতার : রাজধানীর মোহাম্মদপুরে কাজের প্রলোভন দেখিয়ে ফ্ল্যাটে ডেকে নিয়ে ২৪ বছর বয়সী এক তরুণীকে সঙ্ঘবদ্ধ ধর্ষণের মামলার এজাহারভুক্ত দুই নম্বর আসামি রাসেল ওরফে নাগ রাসেলকে (২০) গ্রেফতার করেছে এসআরবি-২। রোববার রাতে বসিলা হাউজিং এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় বলে সোমবার জানান এসআরবি-২ এর উপপরিচালক মেজর এম মুবীন রহমান তাপস।
২ মাসের শিশুকন্যাকে পিটিয়ে হত্যা, ঘাতক বাবা গ্রেফতার : রাজধানীর দারুস সালাম থানা এলাকায় পারিবারিক কলহের জেরে নিজের দুই মাস বয়সী দুধের কন্যাসন্তানকে নির্মম নির্যাতন ও মারধর করে হত্যার অভিযোগে পলাতক বাবা হৃদয় খানকে (২৪) গ্রেফতার করেছে এসআরবি-৪ ও এসআরবি-১০ এর যৌথ দল। পুলিশ জানায়, ২০২৫ সালের ২ জুলাই লাভলী আক্তারের (১৯) সাথে হৃদয় খানের বিয়ে হয় এবং গত ১১ জুন তাদের সংসারে সাবিহা ইসলাম রোজা নামে এক কন্যাসন্তানের জন্ম হয়। তারা দারুস সালামের গৈদারটেক এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন। 
চার্চের ঘণ্টা চুরির মূল হোতাসহ আরো ২ জন গ্রেফতার : মোহাম্মদপুরের আসাদ এভিনিউয়ে অবস্থিত সেন্ট ক্রিস্টিনা ক্যাথলিক চার্চের ঐতিহাসিক ঘণ্টা চুরির ঘটনায় চক্রের মূল হোতাসহ আরো দু’জনকে গ্রেফতার করেছে এসআরবি-২। এসআরবি জানিয়েছে, আলমগীরের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় আগে থেকেই একটি ডাকাতির প্রস্তুতি ও দু’টি চুরির মামলা রয়েছে। মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আব্দুল হালিম জানিয়েছেন, এ ঘটনায় এখন পর্যন্ত পুলিশ ও এসআরবি মিলে মোট পাঁচজনকে গ্রেফতার করেছে। 
ধানমন্ডিতে রোটনের জানাজাকেন্দ্রিক মিছিলের চেষ্টা, আটক ৪ : নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটনের জানাজাকে কেন্দ্র করে রোববার বিকেলে রাজধানীর ধানমন্ডিতে মিছিলের চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটে রোববার বিকেলে ধানমন্ডির লেক সার্কাস এলাকার তাকওয়া মসজিদের সামনে। বাদ আসর তাকওয়া মসজিদে রোটনের জানাজার ঘোষণা থাকায় নিষিদ্ধ ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা সেখানে জড়ো হয়ে মিছিলের চেষ্টা চালায়
ঢাকা উদ্যানে ভ্যানিটি ব্যাগে হাতবোমা সদৃশ বস্তু : মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় একটি পরিত্যক্ত ভ্যানিটি ব্যাগে হাতবোমা সদৃশ বস্তুর সন্ধান পেয়ে এলাকায় সতর্ক অবস্থান নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সোমবার ঢাকা উদ্যানে আদাবর থানার জন্য নির্ধারিত প্রস্তাবিত জায়গার পাশে একটি ব্যাগ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে এসআরবি-২ ও মোহাম্মদপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল ঘিরে ফেলে। 
ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযান : ৪৬৪ জন গ্রেফতার : রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অপরাধপ্রবণ স্পটগুলোতে বিশেষ ও নিয়মিত অভিযান পরিচালনা করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।  আটটি অপরাধ বিভাগ ও গোয়েন্দা শাখার অভিযানে গ্রেফতারের শীর্ষে রয়েছে মিরপুর বিভাগ। অভিযান চলাকালে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও অন্যান্য আলামত জব্দ করা হয়েছে।

Advertisement