উন্নয়ন অর্থায়নে দাতব্য পুঁজি ব্যবহারে বিশ্বব্যাংকের নতুন উদ্যোগ

হামিদুল ইসলাম সরকার
ব্যাংকক,  থাইল্যান্ড থেকে

Advertisement

 

  •  ফিলানথ্রপি হাব চালু
  •  স্বাস্থ্য, কৃষি ও পানি খাতে অংশীদারত্ব বাড়ানোর পরিকল্পনা


 
উন্নয়ন কর্মকাণ্ডে দাতব্য তহবিল, বেসরকারি বিনিয়োগ, বিশেষজ্ঞ জ্ঞান ও বিভিন্ন প্রতিষ্ঠানের নেটওয়ার্ক কাজে লাগাতে নতুন প্ল্যাটফর্ম ‘ফিলানথ্রপি হাব’ চালু করেছে আন্তর্জাতিক দাতা সংস্থা বিশ্বব্যাংক গ্রুপ। উন্নয়ন চাহিদা বাড়লেও সরকারি সম্পদের ওপর চাপ থাকায় বেসরকারি ও দাতব্য সংস্থার সাথে অংশীদারত্ব জোরদার করে উদ্ভাবনী উদ্যোগগুলোকে বৃহত্তর পরিসরে ছড়িয়ে দেয়াই এ উদ্যোগের লক্ষ্য।
সোমবার ব্যাংককে বিশ্বব্যাংক-আইএমএফের বার্ষিক সভা চলাকালে প্রথম বিশ্বব্যাংক গ্রুপ ফিলানথ্রপি ফোরামে এই হাব চালু করা হয়। ফোরামে দাতব্য ফাউন্ডেশন, পারিবারিক বিনিয়োগ প্রতিষ্ঠান, উন্নয়ন সংস্থা ও বিভিন্ন অংশীদার সংগঠনের ২০০-এর বেশি প্রতিনিধি অংশ নেন।
বিশ্বব্যাংক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান জ্ঞান কর্মকর্তা পাসকাল ডোনোহু বলেন, উন্নয়নের চাহিদা বাড়ছে, অন্য দিকে সম্পদের ওপর চাপ সৃষ্টি হচ্ছে। এ পরিস্থিতিতে অংশীদারত্ব আগের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। দাতব্য সংস্থাগুলোর বিশেষজ্ঞ জ্ঞান ও উদ্ভাবনী সমাধান বিশ্বব্যাংক গ্রুপের লক্ষ্য এবং কর্মসংস্থান সৃষ্টির কর্মসূচির সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। নতুন হাব বিভিন্ন ধারণা, সম্পদ ও অংশীদারকে যুক্ত করে এসব সমাধনা বৃহত্তর পরিসরে বাস্তবায়নে সহায়তা করবে।
বিশ্বব্যাংক গ্রুপের ভাষ্য অনুযায়ী, ফিলানথ্রপি হাব হবে সংস্থাটির সাথে কাজ করতে আগ্রহী দাতব্য প্রতিষ্ঠান ও অংশীদারদের জন্য একটি সমন্বিত প্রবেশদ্বার। এর মাধ্যমে উন্নয়ন খাতে কোথায় দাতব্য অর্থ, বিনিয়োগ, জ্ঞান ও দক্ষতা সবচেয়ে কার্যকরভাবে কাজে লাগানো যায়, তা চিহ্নিত করা হবে। পাশাপাশি গবেষণা ও পরীক্ষামূলক প্রকল্পের সফল অভিজ্ঞতাকে বৃহত্তর পরিসরে বাস্তবায়নের উদ্যোগ নেয়া হবে।
নতুন এই উদ্যোগের আওতায় এশিয়ার দু’টি গুরুত্বপূর্ণ দাতব্য নেটওয়ার্ক- এশিয়ান ভেঞ্চার ফিলানথ্রপি নেটওয়ার্ক (এভিপিএন) এবং টেমাসেক ট্রাস্টের সাথে বিশ্বব্যাংক গ্রুপ সমঝোতা স্মারক সই করেছে।
এভিপিএন তার আঞ্চলিক নেটওয়ার্কের মাধ্যমে দাতব্য ফাউন্ডেশন, সামাজিক বিনিয়োগকারী ও বেসরকারি খাতের অংশীদারদের বিশ্বব্যাংক গ্রুপের বিভিন্ন উদ্যোগে যুক্ত হতে সহায়তা করবে। সংস্থাটি ‘হেলথ ওয়ার্কস’ কর্মসূচিতে কারিগরি সহায়তার অর্থায়নের জন্য একটি বিশেষ তহবিলের ঘোষণাও দিয়েছে। এই কর্মসূচির লক্ষ্য ১৫০ কোটি মানুষকে মানসম্মত ও সাশ্রয়ী স্বাস্থ্যসেবার আওতায় আনা।
অন্য দিকে, টেমাসেক ট্রাস্ট দাতব্য পুঁজি সংগ্রহ, অংশীদারদের একত্র করা এবং উদ্ভাবনী অর্থায়ন পদ্ধতি এগিয়ে নেয়ার অভিজ্ঞতা কাজে লাগাবে। এর মাধ্যমে কৃষি, স্বাস্থ্য ও পানি খাতে বিশ্বব্যাংক গ্রুপের অগ্রাধিকারভিত্তিক উদ্যোগ- অমৎরঈড়হহবপঃ, ঐবধষঃয ডড়ৎশং ও ডধঃবৎ ঋড়ৎধিৎফ-এর জন্য বৃহত্তর পরিসরে কার্যকর অংশীদারত্বের মডেল তৈরির পরিকল্পনা রয়েছে।
ফিলানথ্রপি হাবের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো জ্ঞান ও গবেষণার ব্যবহার। মো: ইব্রাহিম ফাউন্ডেশন, ল্যাটিমপ্যাক্টো, বোস্টন কনসাল্টিং গ্রুপ, ব্রিজস্প্যান, ডালবার্গ এবং লন্ডন স্কুল অব ইকোনমিকসের মার্শাল ইনস্টিটিউটসহ বিভিন্ন দাতব্য, পরামর্শক ও গবেষণা প্রতিষ্ঠান এ উদ্যোগের জ্ঞান-অংশীদার নেটওয়ার্কে যুক্ত রয়েছে।
বিশ্বব্যাংক গ্রুপের মতে, উন্নয়ন খাতে দাতব্য সংস্থার ভূমিকা এখন শুধু অনুদান দেয়ার মধ্যে সীমাবদ্ধ নয়। এসব প্রতিষ্ঠান বিনিয়োগ, বিশেষজ্ঞ জ্ঞান, নতুন অর্থায়ন পদ্ধতি এবং বিভিন্ন অংশীদারকে একত্র করার সক্ষমতাও কাজে লাগাতে পারে। নতুন হাবের মাধ্যমে এসব সম্পদকে উন্নয়ন অগ্রাধিকারের সাথে সমন্বয় করে আরো কার্যকর ফল অর্জনের চেষ্টা করা হবে।
বিশ্বব্যাংক গ্রুপ বিশ্বের ১০০টির বেশি দেশে অর্থায়ন, নীতিগত পরামর্শ ও উদ্ভাবনী সমাধানের মাধ্যমে দারিদ্র্য হ্রাস, কর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধিতে কাজ করছে। নতুন ফিলানথ্রপি হাব সেই প্রচেষ্টায় দাতব্য ও বেসরকারি অংশীদারত্বের পরিসর বাড়ানোর একটি উদ্যোগ।