জাতীয় কবির অসাম্প্রদায়িক আদর্শ নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে হবে : জহির উদ্দিন স্বপন
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন নজরুল বর্ষ উপলক্ষে বরিশালে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের সাথে ফটোসেশন করেন : নয়া দিগন্ত।

বরিশাল ব্যুরো

Advertisement

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন এমপি বলেছেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অসাম্প্রদায়িক আদর্শ, জীবনদর্শন ও সাহিত্যকর্ম নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে। 
গতকাল সোমবার আগৈলঝাড়া উপজেলা পরিষদ অডিটোরিয়ামে নজরুল বর্ষ উপলক্ষে উপজেলা পর্যায়ে আয়োজিত প্রতিযোগিতায় প্রাথমিক, মাধ্যমিক, মাদরাসা ও কলেজ পর্যায়ের বিভিন্ন গ্রুপের ১২৬ জন বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
জহির উদ্দিন স্বপন বলেন, কবি নজরুলের অসাম্প্রদায়িকতা শুধু তার চিন্তা ও দর্শনের মধ্যে সীমাবদ্ধ ছিল না, বরং ব্যক্তিজীবন ও সাহিত্যচর্চায়ও এর প্রতিফলন ঘটেছে। তার রচনায় যেমন মহাভারত ও রামায়ণের কাহিনি উঠে এসেছে, তেমনি স্থান পেয়েছে ইসলামী ঐতিহ্য ও সংস্কৃতি। বাংলা ভাষার পাশাপাশি আরবি, ফারসি ও সংস্কৃত শব্দের ব্যবহারে তার সাহিত্য হয়ে উঠেছে সমৃদ্ধ ও বৈচিত্র্যময়। সাম্প্রদায়িক দাঙ্গার বিরুদ্ধেও তিনি সম্প্রীতি ও মানবতার পক্ষে অবস্থান নিয়েছিলেন।
তিনি আরো বলেন, আমাদের দেশে একটি সম্প্রদায় বিভিন্ন সময়ে নজরুলকে বিশেষ কোনো চিন্তা বা ধর্মীয় পরিচয়ের মধ্যে সীমাবদ্ধ করে উপস্থাপনের চেষ্টা করে। কিন্তু তিনি ছিলেন ধর্মীয় সঙ্কীর্ণতা ও সাম্প্রদায়িকতার ঊর্ধেŸ। অসাম্প্রদায়িকতার দর্শনকে তিনি শুধু লেখনীর মাধ্যমে নয়, মানুষের ঘরে ঘরে এবং রাজপথেও ছড়িয়ে দিয়েছিলেন। এ কারণেই নজরুলকে জাতীয় কবি হিসেবে স্বীকৃতি দেয়া হয়েছে। এ সময় তিনি বর্তমান প্রজন্মের কাছে নজরুলের প্রকৃত আদর্শ তুলে ধরতে না পারলে ‘নজরুল বর্ষ’ পালনের উদ্দেশ্য সফল হবে না বলেও মন্তব্য করেন।
 অনুষ্ঠানে আগৈলঝাড়া উপজেলা নির্বাহী অফিসার নিরুপম মজুমদারের সভাপতিত্বে থানার অফিসার ইনচার্জ মো: মাসুদ খান বিশেষ অতিথির বক্তৃতা করেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মাহবুবর রহমান স্বাগত বক্তৃতা করেন।