
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ১১ নম্বর ওয়ার্ডের উত্তর শাহজাহানপুরে বর্জ্য স্থানান্তর কেন্দ্রের সৌন্দর্যবর্ধন কাজের উদ্বোধন করেছেন প্রশাসক মো: আবদুস সালাম। গতকাল এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্জ্য ব্যবস্থাপনাকে কার্যকর, পরিবেশবান্ধব ও নান্দনিক করতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আবদুস সালাম বলেন, নগর পরিচ্ছন্ন রাখতে কর্মীদের কল্যাণ ও সুরক্ষা জরুরি। পরিচ্ছন্নতাকর্মীদের জন্য চার লাখ টাকা মৃত্যুঝুঁকি ভাতা এবং ৪২০টি হাসপাতালে স্বল্পমূল্যে চিকিৎসার চুক্তি করা হয়েছে। অনুষ্ঠান শেষে কর্মীদের মাঝে গামবুট, হেলমেট, গগলস ও সেফটি ভেস্টসহ নানা সুরক্ষাসামগ্রী বিতরণ করা হয়। ডিএসসিসি প্রশাসক প্রত্যেক ব্যবসা প্রতিষ্ঠানকে নিজস্ব ডাস্টবিনে ময়লা রাখা এবং যত্রতত্র বর্জ্য না ফেলার আহ্বান জানান। তিনি বলেন, নাগরিকরা সচেতন হলে ডেঙ্গুর ঝুঁকি কমানোর পাশাপাশি বাসযোগ্য ঢাকা গড়ে তোলা সম্ভব। ইতোমধ্যে কলাবাগান, মালিবাগ ও পলাশীসহ একাধিক এলাকায় বর্জ্য স্থানান্তর কেন্দ্রের সৌন্দর্যবর্ধন করা হয়েছে। অনুষ্ঠানে ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মাহবুবুর রহমান তালুকদারসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








