মোংলা ইপিজেডে বিনিয়োগ করবে চীনা প্রতিষ্ঠান লংটেং গার্মেন্ট

চীনা মালিকানাধীন প্রতিষ্ঠান লংটেং গার্মেন্ট কোম্পানি লিমিটেড মোংলা রফতানি প্রক্রিয়াকরণ এলাকায় (মোংলা ইপিজেড) একটি তৈরী পোশাক উৎপাদনকারী প্রতিষ্ঠান স্থাপনের জন্য ১৭ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করতে যাচ্ছে। এ লক্ষ্যে গতকাল ঢাকার বেপজা কমপ্লেক্সে বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) সাথে প্রতিষ্ঠানটির একটি ভূমি ইজারা চুক্তি স্বাক্ষরিত হয়।
বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মো: তানভীর হোসেন এবং লংটেং গার্মেন্ট কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান মি. লি কিয়াংকিয়াং নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, জি, এমফিলসহ বেপজার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিনিয়োগকারী প্রতিষ্ঠানকে স্বাগত জানিয়ে বেপজার নির্বাহী চেয়ারম্যান বেপজা ও বাংলাদেশের ওপর আস্থা রেখে বিনিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করায় লংটেং গার্মেন্ট কোম্পানি লিমিটেডকে ধন্যবাদ জানান। তিনি প্রতিষ্ঠানটির ব্যবসায়িক কার্যক্রম পরিচালনায় প্রয়োজনীয় সহায়তা ও সহযোগিতা প্রদানের আশ্বাস দেন। 
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেপজার সদস্য (প্রকৌশল) আবদুল্লাহ আল মামুন, নির্বাহী পরিচালক (প্রশাসন) সমীর বিশ্বাস, নির্বাহী পরিচালক (এন্টারপ্রাইজ সার্ভিসেস) মসিহউদ্দিন বিন মেসবাহ, নির্বাহী পরিচালক (জনসংযোগ) এ এস এম আনোয়ার পারভেজ, অতিরিক্ত নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) ফজলুল হক মজুমদারসহ বেপজার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং লংটেং গার্মেন্ট কোম্পানি লিমিটেডের প্রতিনিধিবর্গ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।

Advertisement