সুদান-মিসর সীমান্তে স্বর্ণখনিতে বিমান হামলা ৭২ শ্রমিক নিহত

আলজাজিরা ও বিবিসি
সুদান ও মিসরের সীমান্ত সংলগ্ন পাহাড়ি এলাকার একটি স্বর্ণখনিতে ভয়াবহ বিমান হামলায় অন্তত ৭২ জন শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সুদানি বিভিন্ন সূত্র জানিয়েছে, ওই খনিতে হঠাৎ হামলা চলার পর পুরো এলাকা মুহূর্তেই ধ্বংসস্তূপে পরিণত হয় এবং চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়। ঘটনার প্রত্যক্ষদর্শী ও বেঁচে যাওয়া শ্রমিকরা সেই ভয়াবহ আক্রমণের চিত্র বর্ণনা করেছেন।
সুদানে চলমান যুদ্ধের নৃশংসতার ঘটনাগুলো নথিবদ্ধ করা সংগঠন ‘ইমার্জেন্সি লইয়ার্স’ এই হামলার পেছনে মিসরীয় বিমানবাহিনীকে সরাসরি দায়ী করেছে। খারতুমভিত্তিক এই অধিকার সংস্থাটি গত পরশু রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানায় যে, মিসরীয় যুদ্ধবিমানগুলো সুদান ভূখণ্ডের ভেতরে প্রবেশ করে উত্তর ওয়াদি অঞ্চলে কর্মরত সাধারণ খনি শ্রমিকদের লক্ষ্য করে বোমা বর্ষণ করে। এতে ঘটনাস্থলেই ৭২ জন নিরীহ মানুষ নিহত হন। তবে গত শনিবার সংঘটিত এই হামলার খবরটি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি এবং মিসরীয় কর্তৃপক্ষের পক্ষ থেকেও এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি ।
খনিজসম্পদে সমৃদ্ধ সীমান্ত অঞ্চল জাবাল আল-উকাইদাতে চলতি বছর এটি দ্বিতীয় বড় ধরনের হামলা। এর আগে গত জুন মাসে একই খনি এলাকায় পরিচালিত এক অনুরূপ বিমান হামলায় ২৩ জন শ্রমিক নিহত হয়েছিলেন, যা নিয়ে তখনো মিসরের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। অবশ্য তৎকালীন সময়ে মিসরীয় সামরিক বাহিনী দাবি করেছিল যে, তারা নিজেদের সীমান্ত এলাকার মধ্যে অবৈধ স্বর্ণখনির বিরুদ্ধে বড় ধরনের এক অভিযান পরিচালনা করেছিল। উল্লেখ্য, সুদান ও মিসর সীমান্তে হালায়েব ত্রিকোন নামক সম্পদসমৃদ্ধ ভূখণ্ড নিয়ে দীর্ঘদিনের বিরোধ বিদ্যমান এবং উভয় দেশই এলাকাটিকে নিজেদের দাবি করে আসছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এবং অধিকার সংস্থাগুলোর ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, খনি এলাকার ধ্বংসস্তূপের মধ্যে বহু লাশ ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে এবং কতগুলোকে দাফনের উদ্দেশ্যে কাপড়ে মোড়ানো হয়েছে।
এদিকে সুদানের ইথিওপিয়া সীমান্তবর্তী ব্লু নাইল অঞ্চলের আবু শান্দি এলাকায় বাস্তুচ্যুত মানুষের একটি শিবিরে চালানো ভয়াবহ ড্রোন হামলায় অন্তত ৪১ জন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন।

Advertisement