উপসাগরীয় নিরাপত্তা জোরদারে যৌথ উদ্যোগের তাগিদ আমিরাতের

 আলজাজিরা
মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান সামরিক অস্থিরতা এবং আঞ্চলিক বিভিন্ন দেশের ওপর একের পর এক হামলার প্রেক্ষাপটে শক্তিশালী এক যৌথ নিরাপত্তাকাঠামো গড়ে তোলার আহ্বান জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। দেশটির প্রেসিডেন্টর কূটনৈতিক উপদেষ্টা আনোয়ার গারগাশ স্পষ্ট ভাষায় জানিয়েছেন, উপসাগরীয় অঞ্চলের প্রতিটি রাষ্ট্র এখন সমানভাবে হুমকির মুখে রয়েছে এবং তাদের সামগ্রিক নিরাপত্তা একে অন্যের সাথে ওতপ্রোতভাবে জড়িত।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া ধারাবাহিক পোস্টে তিনি উপসাগরীয় দেশগুলোর মধ্যকার যৌথ ও আঞ্চলিক সহযোগিতার উদ্যোগগুলো পুনরায় সচল করার তাগিদ দেন। আনোয়ার গারগাশ উল্লেখ করেন, সাম্প্রতিক সময়ে উপসাগরীয় আরব দেশগুলোর ওপর চালানো হামলাগুলো এটিই প্রমাণ করে যে এককভাবে এই অঞ্চলে কোনো রাষ্ট্রই নিরাপদ নয়। তার মতে, যারা সংঘাত এড়াতে ইচ্ছুক এমন শান্তিকামী রাষ্ট্রগুলোকে দুর্বল ভেবে ভুল হিসাব করছে, তাদের উপলব্ধি করা উচিত যে এই অঞ্চলের সবাই আজ সমানভাবে হামলার লক্ষ্যবস্তু এবং সবার নিরাপত্তা অবিচ্ছেদ্য সূত্রে গাঁথা। বিশেষ করে সৌদি আরবের ওপর হওয়া সাম্প্রতিক হামলার কথা উল্লেখ করে তিনি জানান, এ ধরনের আঘাত কেবল এককভাবে সৌদি আরবের সার্বভৌমত্ব বা নিরাপত্তাকেই ক্ষুণœ করে না, বরং সংযুক্ত আরব আমিরাতসহ গোটা উপসাগরীয় অঞ্চলের স্থিতিশীলতাকে চরম ঝুঁকির মুখে ঠেলে দেয়। আমিরাতের এই শীর্ষ কর্মকর্তা আরো বলেন, দীর্ঘ দিন ধরে যৌথ প্রতিরক্ষা ও নিরাপত্তার বিষয়টিকে আশানুরূপ গুরুত্ব দেয়া হয়নি।

Advertisement