ব্রেক্সিট গণভোটে রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগ ব্রিটিশ প্রধানমন্ত্রীর
অ্যান্ডি বার্নহ্যাম।

 ডয়েচে ভেলে
২০১৬ সালের ব্রেক্সিট গণভোটে রাশিয়া জালিয়াতি ও কারচুপি করেছিল বলে সরাসরি অভিযোগ তুলেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে বেরিয়ে যাওয়ার সেই ঐতিহাসিক ভোটাভুটিতে ৫২ শতাংশ ব্রিটিশ নাগরিক ব্রেক্সিটের পক্ষে রায় দিয়েছিলেন।
গত জুলাইয়ে কিয়ার স্টারমারের পর ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের দায়িত্ব নেয়া অ্যান্ডি বার্নহ্যামই দেশটির প্রথম শীর্ষ নেতা, যিনি প্রকাশ্যে ব্রেক্সিট গণভোটের নিরপেক্ষতা নিয়ে এই ধরনের গুরুতর অভিযোগ আনলেন। ‘রেস্ট ইস পলিটিক্স’ নামের একটি পডকাস্টে দেয়া সাক্ষাৎকারে ব্রিটিশ প্রধানমন্ত্রী মন্তব্য করেন, ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে আসার ফলে ব্রিটেনের অর্জনের চেয়ে ক্ষতির পরিমাণই অনেক বেশি হয়েছে। প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর এ বিষয়ে জানতে চাওয়া হলে তিনি স্পষ্টভাবে জানান যে, ব্রেক্সিট গণভোটের ফলাফলে রাশিয়ার সরাসরি হাত ছিল। তবে এই দাবির সপক্ষে তিনি তাৎক্ষণিকভাবে কোনো সুনির্দিষ্ট প্রমাণ প্রকাশ করেননি।
সাক্ষাৎকারে বার্নহ্যাম আরো ইঙ্গিত দেন যে, ইউরোপীয় ইউনিয়নের সাথে ব্রিটেনের সম্পর্কের টানাপড়েন মিটিয়ে আবার নতুন করে ঘনিষ্ঠতা তৈরির পথ খোলা রাখা হয়েছে। এমনকি ভবিষ্যতে আবারো ইইউর সাথে যুক্ত হওয়ার সম্ভাবনাকেও তিনি পুরোপুরি নাকচ করে দেননি। ব্রিটেনসহ পুরো ইউরোপজুড়ে উগ্র ডানপন্থী রাজনৈতিক শক্তির উত্থান নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, আন্তর্জাতিক বেশ কিছু শক্তি গণতান্ত্রিক প্রক্রিয়ায় হস্তক্ষেপের চেষ্টা চালাচ্ছে।

Advertisement