ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণা নিয়ে জেলেনস্কির অজ্ঞতা প্রকাশ
ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণা নিয়ে জেলেনস্কির অজ্ঞতা প্রকাশ।

রয়টার্স ও এনডিটিভি 
রাশিয়া ও ইউক্রেনের মধ্যে একটি ‘জ্বালানি যুদ্ধবিরতি’ অবিলম্বে কার্যকর হওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করলেও এ সংক্রান্ত কোনো তথ্য তার জানা নেই বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ট্রাম্পের ট্রুথ সোশ্যালের ঘোষণার পর এক সাক্ষাৎকারে জেলেনস্কি এটিকে তার জন্য সম্পূর্ণ নতুন একটি বিষয় বলে অভিহিত করেছেন।
জেলেনস্কি স্পষ্ট করেন, মার্কিন প্রেসিডেন্ট যদি রুশ প্রেসিডেন্ট পুতিনের সাথে কোনো চুক্তিতে উপনীত হয়ে থাকেন এবং মস্কো যদি তা মেনে নেয়, তবে কিয়েভ তা বাস্তবায়নে প্রস্তুত। তবে ট্রাম্পের সেই ঘোষণার মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানেই ইউক্রেনের কিয়েভ ও খারকিভ এলাকার গুরুত্বপূর্ণ জ্বালানি কেন্দ্রগুলোতে রাশিয়ার ‘শাহেদ’ ড্রোন হামলার অভিযোগ তোলেন জেলেনস্কি। এ দিকে ট্রাম্পের পক্ষ থেকে ইউক্রেনে নতুন নেতৃত্ব নির্বাচনের আহ্বানের জবাবে ক্ষোভ প্রকাশ করে জেলেনস্কি জানান, দেশের নেতৃত্ব নির্ধারণ কেবল ইউক্রেনীয় জনগণের এখতিয়ার। তিনি এবিসি নিউজকে দেয়া সাক্ষাৎকারে উল্লেখ করেন, টানা ৬০ দিনের জন্য একটি পূর্ণাঙ্গ ও টেকসই যুদ্ধবিরতি দেয়া সম্ভব হলে ইউক্রেনে সাধারণ নির্বাচন আয়োজনের উদ্যোগ নেয়া যেতে পারে। ইউক্রেনীয় প্রেসিডেন্ট পূর্বেই জানিয়েছিলেন, মস্কো যদি ইউক্রেনের অভ্যন্তরীণ বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামোতে সামরিক আঘাত বন্ধ রাখে, তবে কিয়েভও রাশিয়ার তেল শোধনাগারগুলোকে লক্ষ্য করে আক্রমণ চালানো থেকে বিরত থাকবে। একই সাথে বিশ্বজুড়ে ডিজেলের মূল্য স্থিতিশীল রাখতে রাশিয়ার ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা শিথিল করার পদক্ষেপকে চরম দুর্বলতা হিসেবে চিহ্নিত করে অসন্তোষ প্রকাশ করেন তিনি।

Advertisement