৯ বছর পর রেনশোর সেঞ্চুরি

 ক্রীড়া ডেস্ক
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে ব্যাটিং বিপর্যয় সামলে ঘুরে দাঁড়িয়েছে অস্ট্রেলিয়া। ৯ বছর পর ম্যাট রেনশোর দুর্দান্ত সেঞ্চুরিতে ডারবানের কিংসমিডে স্বাগতিকদের চাপে ফেলে প্রথম ইনিংসে বড় সংগ্রহ দাঁড় করিয়েছে সফরকারীরা। দীর্ঘ প্রায় এক দশক পর টেস্ট ক্রিকেটে শতকের দেখা পাওয়া রেনশো দলের কঠিন সময়ে দায়িত্বশীল ব্যাটিং করে অস্ট্রেলিয়াকে লড়াইয়ে ফিরিয়েছেন। শেষ পর্যন্ত অবশ্য দ্বিশতকের কাছাকাছি গিয়েও ১৯০ রানেই থাকতে হলো তাকে। আর ১২৪ রানে ছয় উইকেট হারানো থেকে দল সংগ্রহ পেয়েছে ৩৯০ রান। এ রিপোর্ট লেখা পর্যন্ত প্রথম ইনিংসে এক উইকেট হারিয়ে ৭ ওভারে ২৩ রান সংগ্রহ দক্ষিণ আফ্রিকার। উইকেটে ছিলেন মার্করাম ১৩ ও ১০ রান নিয়ে বেডিংহ্যাম। 
ডারবানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনে গত পরশু একপর্যায়ে ১২৪ রানে ছয় উইকেট হারিয়ে বিপর্যস্ত হয়ে পড়েছিল অস্ট্রেলিয়া। দ্রুত কয়েকটি উইকেট হারিয়ে বড় চাপে পড়ে দলটি। এমন পরিস্থিতিতে অধিনায়ক প্যাট কামিন্সকে সাথে নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন রেনশো। দু’জনের ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ানোর ভিত পায় অস্ট্রেলিয়া। সপ্তম উইকেটে কামিন্সের সাথে ৮৪ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন রেনশো। কামিন্স ৪৩ রান করে ফিরলেও নিজের লড়াই চালিয়ে যান বাঁহাতি এই ব্যাটার।
এরপর লোয়ার অর্ডার ব্যাটারদের সাথে নিয়ে ইনিংস এগিয়ে নেন রেনশো। নাথান লায়নের সাথে নবম উইকেটে তার কার্যকর ৩৪ রানের জুটি দক্ষিণ আফ্রিকার বোলারদের হতাশ করে। ধৈর্য ধরে ব্যাটিং করার পাশাপাশি সুযোগ বুঝে আক্রমণাত্মক শট খেলেন তিনি। ২০৪ বলে সেঞ্চুরি পূর্ণ করেন রেনশো। টেস্টে এটি তার দ্বিতীয় শতক, প্রথমটির দেখা পেয়েছিলেন ২০১৭ সালে। সিডনিতে পাকিস্তানের বিপক্ষে সেই ম্যাচে ১৮৪ রান করেছিলেন এই ব্যাটার। প্রায় ৯ বছর পর সাদা পোশাকে তিন অঙ্কের ঘরে পৌঁছে নিজের সামর্থ্যরে প্রমাণ দিলেন ৩০ বছর বয়সী এই ব্যাটার। শেষ পর্যন্ত হার্মারের বলে মার্করামের তালুবন্দি হয়ে ১৯০ রানেই থামতে হয় রেনশোকে। ১৩৭.২ ওভারে অলআউট হয় অস্ট্রেলিয়া। চারটি উইকেট নেন ওয়ান মুল্ডার।

Advertisement