মুজিবনগরে ৪ কেজি ওজনের ৩২টি স্বর্ণের বার উদ্ধার, আটক ২
মুজিবনগরে বিজিবির অভিযানে ৪ কেজি ওজনের ৩২টি স্বর্ণের বার উদ্ধার করা । নয়া দিগন্ত

মেহেরপুরের মুজিবনগরে সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৩২টি স্বর্ণের বারসহ দুই ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা স্বর্ণের ওজন প্রায় চার কেজি (তিন কেজি ৯৪১ গ্রাম)। ৬ বিজিবি চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের নাজিরাকোনা বিওপির বিশেষ অভিযানে এসব স্বর্ণে বার উদ্ধার করা হয়।

Advertisement

রবিবার (১ নভেম্বর) দুপুরে উপজেলার নাজিরাকোনা সীমান্ত এলাকার নাগারবিল থেকে তাদের আটক করা হয়। বিজিবির চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: নাজমুল হাসান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

আটক ব্যক্তিরা হলেন, মুজিবনগর উপজেলার সোনাপুর নতুনপাড়া গ্রামের আবু বক্করের ছেলে মো: আসাদুল (৫০) এবং একই গ্রামের মাদারের ছেলে মো: জুয়েল হোসেন (৩০)।

৬ বিজিবির নাজিরাকোনা বিওপির অভিযানে ৩২টি স্বর্ণের বারসহ দুই ব্যক্তিকে আটক করা হয়
৬ বিজিবি ব্যাটালিয়নের নাজিরাকোনা বিওপির অভিযানে ৩২টি স্বর্ণের বারসহ আটক দুই ব্যক্তি

 

বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন তথ্যর ভিত্তিতে নাজিরাকোনা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১১০-এর প্রায় ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নাগারবিল এলাকা দিয়ে স্বর্ণ পাচারের চেষ্টা চলছে। এ তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়ন অধিনায়কের নির্দেশনায় হাবিলদার মো: শামীমুর রহমানের নেতৃত্বে বিজিবির একটি টহলদল ওই এলাকায় কৌশলগত অবস্থান নেয়।

পরে, দুপুর আনুমানিক ১২টা ৪০ মিনিটে দুই ব্যক্তিকে একটি ব্যাগ নিয়ে সীমান্তের দিকে যেতে দেখে টহলদল তাঁদের চ্যালেঞ্জ করে। এ সময় তাঁরা ব্যাগটি ফেলে পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা ধাওয়া করে দুজনকে আটক করেন। পরে উপস্থিত জনসাধারণের সামনে ব্যাগ তল্লাশি করে ৩২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, আটক দুই ব্যক্তিকে মুজিবনগর থানায় হস্তান্তর এবং উদ্ধার করা স্বর্ণ মেহেরপুর ট্রেজারি অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: নাজমুল হাসান জানান, সীমান্তে চোরাচালান, মাদক পাচার ও অন্যান্য অপরাধ দমনে বিজিবি সতর্ক ও তৎপর রয়েছে। দেশের সীমান্ত সুরক্ষা ও চোরাচালানমুক্ত সীমান্ত নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।