গোলবন্যা আর হ্যাটট্রিক চলছেই
  • মোহামেডান ৬-০ আরামবাগ
  • পুলিশ ৭-০ ইয়ংমেন্স


বাংলাদেশ জাতীয় ফুটবল দল স্ট্রাইকার সংকটে ভুগছে। অন্য দিকে ঘরোয়া ফুটবলে চলছে গোল আর হ্যাটট্রিক উৎসব। কিছু দল অনেক পরে অনুশীলনে নেমেছে। এর জের ধরেই তারা কুলিয়ে উঠতে পারছে না। আর এই সুযোগে বড় দল গুলো তাদের ওপর গোলের বন্যা বইয়ে দিচ্ছে।  এই গোল উৎসবে হ্যাটট্রিক করে যাচ্ছেন দেশী ও বিদেশী খেলোয়াড়রা। গত পরশু স্থানীয় সাব্বির হোসেনের হ্যাটট্রিকসহ চার ম্যাচে হয়েছে ১৪ গোল। আর গতকাল দুই হ্যাটট্রিকে দুই ম্যাচে হয়েছে ১৩ গোল। দেশের  জনপ্রিয় ক্লাব মোহামেডান তাদের নতুন হোম ভেনুতে বড় জয় পেয়েছে। মুন্সীগঞ্জের বীরশ্রেষ্ঠ শহীদ মতিউর রহমান স্টেডিয়ামে তারা  ৬-০ তে হারিয়েছে আরামবাগ ক্রীড়া সঙ্ঘকে। হ্যাটট্রিক করেন সোলেমান দিয়াবাতে। আর গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে বাংলাদেশ পুলিশের ৭-০তে জয় ইয়ংম্যান্স ক্লাব ফকিরেরপুলের বিপক্ষে। পুলিশের এই বড় জয়ে হ্যাটট্রিক করেছেন রসুল বা। এর আগে সিটি ক্লাবের ওকাফোর ও  বসুন্ধরা কিংসের সাব্বির হোসেন হ্যাটট্রিক করেন লিগে।
 সেনেগালের ফুটবলার মোহাম্মদ রসুল বা। এবার তিনি এএফসি চ্যালেঞ্জ লিগে খেলেছিলেন পুলিশের হয়ে। গতকাল তিনি ৫৩, ৫৮ ও ৬০ মিনিটে তিন গোল করেন। যদিও দলের গোল উৎসবের শুরুটা হয়েছিল ১৬ মিনিটে মানিক হোসেন মোল্লার মাধ্যমে। ২২ ও ৪২ মিনিটে জোড়া গোল উগান্ডার শফিক কুচি কাগিমোর। মাঝে ৪৮ মিনিটে একটি গোল করের জাতীয় দল থেকে বাদ পড়া রাব্বী হোসেন রাহুল।
মোহামেডানের ঘরের ছেলে হয়ে যাওয়া সোলেমান দিয়াবাতে গত সিজনে ছিলেন আবাহনীতে। এবার কেন এই বয়স্ক খেলোয়াড়টিকে দলে নেয়া হয়েছে এ নিয়ে কথা উঠেছিল। কাল সেই জবাব দিলেন এই মালির স্ট্রাইকার। ৩৬, ৩৯ ও ৪৮ মিনিটে তার তিন গোল। ৬৮ মিনিটে মিনহাজুল আবেদীন রাকিব গোল করেন। এর আগে ৫১ মিনিটে গোলের দেখা পান শাহরিয়ার ইমন। যার আগের গোলটি ছিল আসিয়ান কাপে ইন্দোনেশিয়ার বিপক্ষে। ৮২ মিনিটে বল জালে পাঠান সৌরভ দেওয়ান।
 বাংলাদেশ পুলিশ দল এই মুহূর্তে পয়েন্ট তালিকার শীর্ষে অবস্থান করছে। টানা তিন জয়ে তাদের পয়েন্ট ৯। মোহামেডান আছে চার নাম্বারে। তারা ২ খেলায় নামের পাশে জমা করেছে ৬ পয়েন্ট। ৭ পয়েন্ট নিয়ে যৌথভাবে দ্বিতীয় স্থানে ফর্টিস এফসি ও সিটি ক্লাব।

Advertisement