যান্ত্রিক ত্রুটি : পৌনে ১ ঘণ্টা পর ঢাকায় নামলো বিমান

 বিশেষ প্রতিবেদক

Advertisement

পর্যটন নগরী কক্সবাজার থেকে ছেড়ে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট ঢাকায় অবতরণের আগেই যান্ত্রিক ক্রটিতে পড়ে। পাইলট পরিস্থিতি অনুকূলে নিতে প্রায় পৌনে এক ঘন্টা আকাশে চক্কর দিতে থাকেন। এক পর্যায়ে পাইলট ঝুঁকি নিয়েই নিরাপদে রানওয়ে স্পর্শ করতে সক্ষম হন। এর ফলে এ যাত্রায় বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান ওই ফ্লাইটের যাত্রীরা। 
গতকাল শনিবার দুপুরের দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটে। অনাকাক্সিক্ষত ঘটনার কারণে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ের কার্যক্রম ৪০ মিনিটের মতো বন্ধ হয়ে যায়। এ সময় কোনো উড়োজাহাজ উঠানামা করতে পারেনি।  প্রত্যক্ষদর্শী ও বিমানবন্দর সূত্রে জানা যায়, গতকাল শনিবার দুপুর ১টা ৩৫মিনিটে কক্সবাজার বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ড্যাশ-৮ মডেলের (এসটুএকেই) ফ্লাইটটি। নির্ধারিত সময় দুপুর আড়াইটায় ফ্লাইট ঢাকার বিমানবন্দরে অবতরণের কথা থাকলেও সেটি যান্ত্রিক ত্রুটিতে পড়ে। যার ফলে পাইলট উড়োজাহাজটি অবতরণ করাতে পারছিল না। এ অবস্থায় পাইলট কি করবেন তা জানতে এয়ার কন্ট্রোল টাওয়ারের সাথে যোগাযোগ করেন। পরিস্থিতি অবহিত করা পর্যন্ত পাইলট আকাশেই ৪০ মিনিট ধরে  চক্কর দিতে থাকে। এরপর বেলা ৩টা ১০মিনিটে বিমানবন্দরে নিরাপদে অবতরণ করান ফ্লাইটটি। এর আগে বিমানবন্দরের রানওয়ে এলাকা ইমারজেন্সি ডিক্লার করা হয়। ফ্লাইট অবতরণের পর রানওয়ের কার্যক্রম স্বাভাবিক হয়ে আসে। হাফ ছেড়ে বাঁচেন সবাই। ইমারজেন্সি প্রত্যাহার হওয়ার পর আকাশে চক্কর দিতে থাকা অন্যান্য এয়ারলাইন্সের ফ্লাইট নামতে শুরু করে। বিমানের বলাকা ভবন সুত্রে জানা গেছে, ঢাকার আকাশে ড্যাশ-৮ উড়োজাহাজটি আসার পর পরই পাইলট দেখতে পান হাইড্রোলিক নাম্বার-২ এ সমস্যা হচ্ছে। এরপরই তিনি সমস্যার কথা উল্লেখ করে এয়ার কন্ট্রোল টাওয়ারকে জানান। এভিয়েশন বিশেষজ্ঞরা বলছেন, হাইড্রোলিক সিস্টেমে ত্রুটি দেখা দিলে এটি অত্যন্ত জরুরি পরিস্থিতি হিসেবে গণ্য করা হয়। উড়োজাহাজের ল্যান্ডিং গিয়ার, ব্রেক, ডানা নিয়ন্ত্রণকারী অংশ এবং স্টিয়ারিং প্রেসারের ওপর নির্ভর করে কাজ করে। 
এ দিকে ঘটনার পর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কক্সবাজার বিমানবন্দর থেকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চলাচলকারী ফ্লাইট বিজি-৪৩৬ আজ (গতকাল) বিকেল ৩টা ১০মিনিটে নিরাপদে অবতরণ করেছে। অনিবার্য অপারেশনাল ও কারিগরি ক্রটির কারণে ফ্লাইটটি সময়সূচিতে কিছুটা বিলম্বিত হয়েছিল। সব যাত্রী ও ক্রু কোনো সমস্যা ছাড়াই নিরাপদে পৌঁছাতে পেরেছেন। বিলম্বের কারণে যাত্রীদের যে অসুবিধা হয়েছে তার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করছে।