
নয়া দিগন্ত ডেস্ক
দেশে হামের উপসর্গ নিয়ে শুক্রবার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় মোট আটজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগেই মারা গেছে পাঁচজন। এ ছাড়া সিলেট, চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগে একজন করে মারা গেছে। তবে এ সময় নিশ্চিত হামে কারো মৃত্যু হয়নি। গতকাল স্বাস্থ্য অধিদফতরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য মতে একই সময় নতুন করে হাম ও উপসর্গে আক্রান্ত হয়েছে মোট এক হাজার ৮৬ জন। এরমধ্যে ৯৫৫ জনের দেহে হামের উপসর্গ মিলেছে। আর হাম শনাক্ত হয়েছে ১৩১ জনের। এ ছাড়া নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ৮৬৬ জন, আর সুস্থ হওয়ায় হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৭৪৯ জন।
আর চলতি বছরের ১৫ মার্চ থেকে হাম ও উপসর্গ নিয়ে গতকাল পর্যন্ত সারা দেশে মোট এক হাজার ১৫৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৪ জন, আর উপসর্গে মারা গেছে এক হাজার ১৫১ জন।
একই সময়ে হামের উপসর্গ দেখা দিয়েছে মোট দুই লাখ তিন হাজার ৮৪৮ জনের। আর হাম শনাক্ত হয়েছে (পরীক্ষায় প্রমাণিত) ২২ হাজার ৩২৮ জনের। মোট হাম ও উপসর্গে আক্রান্ত হয়েছে দুই লাখ ২৬ হাজার ১৭৬ জন। তাদের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে এক লাখ ৮০ হাজার ৯৪৫ জন। আর সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরে গেছে এক লাখ ৭৩ হাজার ৪৫৪ জন।
চলতি বছরে হাম ও উপসর্গে সবচেয়ে বেশি ৫৪৩ জন মারা গেছে ঢাকা বিভাগে। এরপর সিলেট বিভাগে ১৮৭, রাজশাহীতে ৯৬, ময়মনসিংহে ৮৩, চট্টগ্রামে ১০৩, বরিশালে ৮১, খুলনায় ৪৬ ও রংপুর বিভাগে ১৬ জন মারা গেছে।
সিলেটে আরো একজনের মৃত্যু
সিলেট ব্যুরো জানায়, সিলেট বিভাগে হাম উপসর্গে মৃত্যু থামছেই না। গত ২৪ ঘণ্টায় সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যাওয়া শিশু মোবাশি^রা (৩) সিলেট সদর উপজেলার বাসিন্দা। একই সময়ে সন্দেহজনক হাম ও উপসর্গ নিয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে আরো ১২৯ জন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৫৮৭ জন। গতকাল স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা. মো: মাহবুবুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় নতুন কোনো নিশ্চিত হাম রোগী শনাক্ত হননি। ফলে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১০ অক্টোবর পর্যন্ত বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা এক হাজার ৯৫ জনে রয়েছে। এর মধ্যে সিলেটে ৪২২, হবিগঞ্জে ১৫৮, মৌলভীবাজারে ১৫৮ ও সুনামগঞ্জে ৩৫৭ জন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








