আশুলিয়ায় আগুনে ১২টি গোডাউন ও অর্ধশতাধিক ঘর ভস্মীভূত

আশুলিয়া (ঢাকা) সংবাদদাতা

Advertisement

শিল্পাঞ্চল আশুলিয়ায় ঝুট গোডাউনে লাগা এক ভয়াবহ আগুনে ১০ থেকে ১২টি গোডাউন এবং অর্ধশতাধিক বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। পানির সঙ্কট ও দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগীরা। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
গত শুক্রবার রাত পৌনে ১০টার দিকে আশুলিয়ার জামগড়া কাঁঠালতলা এলাকার ফ্যান্টাসি কিংডমের পেছনের ঝুট গোডাউনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, একটি গোডাউন থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যে তা আশপাশের অন্যান্য গোডাউন ও কলোনিতে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস পৌঁছানোর আগে স্থানীয়রা নিজেদের উদ্যোগে পানি ও বালু দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন।
খবর পেয়ে প্রথমে ডিইপিজেড থেকে দু’টি এবং পরে জিরাবো মডার্ন থেকে আরো তিনটিসহ মোট পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। দীর্ঘ আড়াই ঘণ্টা চেষ্টার পর রাত ১২টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে ঝুট, প্যান্টের কাপড়, গার্মেন্ট অ্যাক্সেসরিজ-সহ গোডাউনের সমস্ত মালামাল এবং প্রায় অর্ধশতাধিক ঘরবাড়ি সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে।
ক্ষতিগ্রস্ত গোডাউন মালিক মো: ইমন জানান, ওই এলাকায় থাকা ১৭টি গোডাউন ও দোকানের মধ্যে কয়েকটি আংশিক রক্ষা পেলেও বাকিগুলো সম্পূর্ণ পুড়ে গেছে। এতে কয়েক কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে।
এদিকে অগ্নিকাণ্ডের সময় হুড়োহুড়ি ও আতঙ্কের সুযোগে দুর্বৃত্তরা জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। ক্ষতিগ্রস্ত বাসিন্দা সাথী আক্তার ও পোশাক  শ্রমিক আসমা বেগম জানান, জীবন বাঁচাতে তাৎক্ষণিকভাবে ঘর থেকে বের হয়ে যাওয়ার সুযোগে ঘরে থাকা নগদ টাকা, গ্যাস সিলিন্ডার, চুলা ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র চুরি হয়ে গেছে।
ফায়ার সার্ভিসের ঢাকা জোন-৪ এর উপসহকারী পরিচালক হাফিজুর রহমান জানান, পানির স্বল্পতার কারণে একটি মাত্র সাইড থেকে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে হয়েছে। গোডাউনের মালিকপক্ষ ১০ থেকে ১২টি গোডাউন এবং প্রায় ৫০টি পরিবার ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্য জানিয়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি। আগুনের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।