
সিলেট ব্যুরো
শ্রমিকদের চিকিৎসা সহায়তার পাশাপাশি পরিবারের মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পুরো ব্যয় বহন করবে সরকার। একই সাথে দেশের স্বার্থে তামাবিল স্থলবন্দরে এলসির আড়ালে যেকোনো অবৈধ বাণিজ্য ও অনিয়ম কঠোর হাতে দমন করা হবে। সিলেটে আয়োজিত পৃথক দু’টি কর্মসূচিতে এ কথা বলেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
শনিবার সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের ৩৪তম পরিচালনা বোর্ড সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, অসুস্থ ও দুর্ঘটনায় আহত শ্রমিকদের পাশাপাশি শ্রমিক পরিবারের মেধাবী সন্তানদের বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ নিশ্চিতে সরকার সহায়তার হাত বাড়াবে। অর্থসঙ্কটে যেন কোনো মেধাবী শিক্ষার্থীর পড়াশোনা বন্ধ না হয়, সে বিষয়ে বর্তমান সরকার গুরুত্ব দিচ্ছে।
অনুষ্ঠানে জেলা প্রশাসন ও ইউনিয়নের মাধ্যমে সহজ আবেদন প্রক্রিয়ায় আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়। সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের মহাপরিদর্শক মো: ফরহাদ সিদ্দিকী এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব মো: শামসুল ইসলাম।
এর আগে গত শুক্রবার তামাবিল স্থলবন্দরে ব্যবসায়ী ও অংশীজনদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আরিফুল হক চৌধুরী স্পষ্ট জানিয়ে দেন, বৈধ এলসির আড়ালে কোনো অনিয়ম বা অবৈধ কর্মকাণ্ড পরিচালনা করতে দেয়া হবে না।
তিনি বলেন, তামাবিল স্থলবন্দর দেশের আমদানি-রফতানি বাণিজ্যের অন্যতম কেন্দ্র। তাই রাজস্ব সুরক্ষা ও ব্যবসায়িক শৃঙ্খলা বজায় রাখতে ব্যবসায়ী ও প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করতে হবে। সভায় গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী, থানার ওসি মো: ওমর ফারুক মোড়ল এবং স্থানীয় ব্যবসায়ী ও সুশীল সমাজের নেতারা উপস্থিত ছিলেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








