প্রকাশিত সংবাদের প্রতিবাদ


গত ৯ অক্টোবর শুক্রবার নয়া দিগন্তের তৃতীয় পৃষ্ঠায় ‘আওয়ামী লীগের মদদপুষ্ট বিতর্কিত সংগঠনকে বিআরসির সদস্য করার উদ্যোগে ক্ষোভ’ শীর্ষক সংবাদের প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ফিজিক্যাল থেরাপি অ্যাসোসিয়েশনের সভাপতি মো: ফরিদ উদ্দিন ও সদস্য সচিব মো: তানভীরুল আলম। প্রতিবাদলিপিতে বলা হয়, প্রকাশিত প্রতিবেদনে বাংলাদেশ ফিজিক্যাল থেরাপি অ্যাসোসিয়েশনকে (বিপিএ) আওয়ামী লীগের সম্পৃক্ততা সংক্রান্ত বিতর্কিত সংগঠন হিসেবে উপস্থাপন করা হয়েছে, যা আমাদের দৃষ্টিতে বিভ্রান্তিকর ও আপত্তিকর। প্রকাশিত প্রতিবেদনের এ ধরনের বক্তব্যের প্রতিবাদ জানাচ্ছে বাংলাদেশ ফিজিক্যাল থেরাপি অ্যাসোসিয়েশন।
প্রতিবাদলিপিতে সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, বাংলাদেশ ফিজিক্যাল থেরাপি অ্যাসোসিয়েশন একটি পেশাজীবী সংগঠন। ফিজিওথেরাপি পেশার মানোন্নয়ন, পেশাজীবীদের অধিকার প্রতিষ্ঠা এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে পেশাগত উন্নয়নে সংগঠনটি দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। সংগঠনটির কার্যক্রম কোনো সময়েই আওয়ামী লীগের সাথে সম্পৃক্ততা ছিল না। সংগঠন এবং এর কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করতেই অসত্য ও ভুল সংবাদ পরিবেশন করা হয়েছে। 
প্রতিবাদলিপিতে আরো বলা হয়, প্রকাশিত প্রতিবেদনে সংগঠনটির বক্তব্য নেয়া হয়নি। কোনো সংগঠন সম্পর্কে এ ধরনের গুরুতর মন্তব্য বা অভিযোগ প্রকাশের আগে সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য নেয়া সাংবাদিকতার নৈতিকতা ও বস্তুনিষ্ঠতার স্বার্থে অত্যন্ত গুরুত্বপূর্ণ। একতরফা তথ্যের ভিত্তিতে কোনো পেশাজীবী সংগঠনকে বিতর্কিত হিসেবে উপস্থাপন করলে পাঠকের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে এবং সংগঠনটির ভাবমূর্তি ক্ষুণœ হওয়ার আশঙ্কা থাকে। সংগঠনটির দাবি, ফিজিওথেরাপি পেশার উন্নয়ন, পেশাজীবীদের অধিকার রক্ষা এবং সংশ্লিষ্ট বিষয়ে কার্যকর উদ্যোগ গ্রহণই তাদের মূল লক্ষ্য। সংগঠনটির কার্যক্রম ও অবস্থান মূল্যায়নের ক্ষেত্রে প্রকৃত তথ্য, নথিপত্র এবং সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য বিবেচনায় নেয়া প্রয়োজন। সংবাদ প্রকাশের ক্ষেত্রে আরো সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা নেয়ারও দাবি জানানো হয়েছে প্রতিবাদলিপিতে।

Advertisement