
নিজস্ব প্রতিবেদক
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠিত ৬৬তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা-২০২৬-এ প্রথম হয়েছে ঢাকার মিরপুর-১-এ অবস্থিত মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামীর শিক্ষার্থী হাফেজ ইহতেশামুল হক হিরা। বিশ্বের শতাধিক দেশের প্রতিযোগীদের মধ্য থেকে কয়েক ধাপে বাছাই শেষে চূড়ান্ত পর্বে ৩৮টি দেশের প্রতিযোগীর অংশগ্রহণে হিফজুল কুরআন বিভাগে প্রথম স্থান অর্জন করে বিশ্বদরবারে লাল-সবুজের পতাকা সমুন্নত করেছে সে।
গত ৬-১০ অক্টোবর অনুষ্ঠিত এ প্রতিযোগিতার উদ্বোধন করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। গতকাল এক বর্ণাঢ্য সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে দেশটির বিভিন্ন পর্যায়ের রাষ্ট্রীয় দায়িত্বশীল ও বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে ধর্মবিষয়ক মন্ত্রী ড. জুলকিফলি হাসান বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
প্রথম স্থান অর্জনের স্বীকৃতিস্বরূপ হিরা পুরস্কার হিসেবে পেয়েছে ৪০ হাজার মালয়েশিয়ান রিঙ্গিত, সম্মাননা ট্রফি, ৫ হাজার রিঙ্গিত মূল্যের ওমরাহ অথবা মুসলিম পর্যটন প্যাকেজ এবং ৩ হাজার রিঙ্গিত মূল্যের স্বর্ণের বার।
মারকাযের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ও গুলশান সোসাইটি জামে মসজিদের খতিব মুফতি মুরতাজা হাসান ফয়েজী মাসুম দেশবাসীর কাছে দোয়া কামনা করে বলেছেন- মহান আল্লাহতায়ালা যেন হীরাসহ আমাদের প্রতিটি শিক্ষার্থীকে যোগ্য আলেম, আদর্শ মানুষ ও দ্বীনের একনিষ্ঠ দায়ী হিসেবে কবুল করেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








