জুলাই সনদ বাস্তবায়ন ও চাঁদাবাজি বন্ধের আহ্বান এ টি এম আজহারের

নিজস্ব প্রতিবেদক

Advertisement

শ্রমিক ও মানুষের অধিকার প্রতিষ্ঠা, সুশাসন নিশ্চিত এবং ফ্যাসিবাদী ব্যবস্থার অবসানে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে বলে মন্তব্য করেছেন এ টি এম আজহারুল ইসলাম এমপি। তিনি বলেন, গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় সনদে যেসব অঙ্গীকার করা হয়েছে, তা বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নিতে হবে।
গতকাল রাজধানীতে দ্বিমাসিক ‘শ্রমিক বার্তা’র দশ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত লেখক ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। পত্রিকাটির কেন্দ্রীয় উপদেষ্টা এ টি এম আজহারুল ইসলাম দেশের অর্থনৈতিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি, জ্বালানি সঙ্কট ও চাঁদাবাজির কারণে শ্রমজীবীরা দুর্ভোগে রয়েছেন। সরকারকে ‘জনবান্ধব বা শ্রমিকবান্ধব নয়, বরং চাঁদাবাজবান্ধব’ হিসেবে উল্লেখ করে তিনি জনজীবনে স্বস্তি ফেরানোর দাবি জানান।
শ্রমিক-মালিক সম্পর্কের বিষয়ে তিনি বলেন, মালিকরা মুনাফার জন্য মেধা ও অর্থ বিনিয়োগ করেন আর শ্রমিকেরা শ্রম দেন। প্রতিষ্ঠানের মুনাফার ন্যায্য অংশ শ্রমিকদের দিলে কর্মস্পৃহা ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি পাবে। অতীতের রাজনৈতিক দলগুলো শ্রমিকদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেছে উল্লেখ করে তিনি এই মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান জানান। এ ছাড়া প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা এবং বিমানবন্দরে হয়রানি বন্ধেরও জোরালো দাবি জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংরক্ষিত নারী আসনের এমপি অ্যাডভোকেট সাবিকুন্নাহার মুন্নী, অধ্যাপক ড. মাহফুজুর রহমান আখন্দ, কবি মোশাররফ হোসেন খান এবং গীতিকার সাইফুল্লাহ মানছুর। অনুষ্ঠানে লেখক, গবেষক ও সাহিত্যিক ড. মাহফুজুর রহমান আখন্দ, মুহাম্মদ হাফিজুর রহমান, আলী আহমাদ মাবরুর, আশীষ মাহমুদ ও শামসুন্নাহার সুমনাসহ বিভিন্ন শিল্প উদ্যোক্তা ও শ্রমিক নেতাদের সংবর্ধনা দেয়া হয়। 
‘শ্রমিক বার্তা’র সম্পাদকমণ্ডলীর সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান সভাপতিত্ব করেন এবং সম্পাদক লসকর মো: তসলিম স্বাগত বক্তব্য দেন। অনুষ্ঠানে ডাকসুর জিএস এস এম ফরহাদসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।