বিডিনিউজ সম্পাদক খালিদীর দাফন

 নিজস্ব প্রতিবেদক

Advertisement

বিডিনিউজের সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর দাফন সম্পন্ন হয়েছে। মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে গতকাল তাকে দাফন করা হয়।
এর আগে বেলা সাড়ে ৩টার দিকে বনানীর ওল্ড ডিওএইচএস খেলার মাঠে খালিদীর জানাজা সম্পন্ন হয়। নামাজে জানাজার আগে তাকে শ্রদ্ধা-ভালোবাসায় শেষ বিদায় জানান মরহুমের বন্ধু, স্বজন, সহকর্মী, শুভানুধ্যায়ীসহ সমাজের বিভিন্ন অংশের প্রতিনিধিরা।
ব্যক্তিগত সফরে লন্ডনে থাকা অবস্থায় তৌফিক ইমরোজ খালিদী গত ১ অক্টোবর রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। সেইন্ট বার্থোলমিউস হাসপাতালে নেয়া হলে চিকিৎসক জানান, তার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। পরদিন স্থানীয় সময় দুপুর ২টা ২৩ মিনিটে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এরপর ৮ অক্টোবর জোহরের নামাজের পর পূর্ব লন্ডনের ব্রিকলেইন মসজিদে খালিদীর নামাজে জানাজা হয়। সেখানে সাবেক সহকর্মী এবং স্থানীয় বাংলাদেশী কমিউনিটির প্রতিনিধিরা তার প্রতি শেষ শ্রদ্ধা জানান।
গতকাল শনিবার বেলা ১১টার দিকে বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর লাশ ঢাকার শাহজালাল বিমানবন্দরে পৌঁছায়। এরপর কফিন নেয়া হয় তার প্রিয় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের অফিস প্রাঙ্গণে। সেখানে লাশ রাখা হয় দুপুর ১২টা থেকে ১২টা ২০ মিনিট পর্যন্ত। এরপর সাংবাদিক খালিদীর লাশ নেয়া হয় তার বাসায়। সেখানে পরিবারের সদস্য ও স্বজনরা শেষবার তাকে দেখেন।