স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী দেবে জাগপা, সিটি নির্বাচনে জোট প্রার্থীকে সমর্থন

 নিজস্ব প্রতিবেদক
জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) নতুন লোগো ও অফিসিয়াল ওয়েবসাইট উন্মোচন করা হয়েছে। একই সাথে আগামী ২ জানুয়ারি দলের জাতীয় সম্মেলন আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে দলটি। এ ছাড়া আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ইউনিয়ন, উপজেলা ও পৌরসভায় প্রার্থী দিলেও সিটি করপোরেশন নির্বাচনে ১১ দলীয় ঐক্যের প্রার্থীকে সমর্থন দেয়ার ঘোষণা দিয়েছে তারা।
গতকাল রাজধানীর আসাদ গেটস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে জাগপার সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম প্রেসিডিয়াম কমিটির দীর্ঘ রুদ্ধদ্বার বৈঠকে এসব সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠকে দলীয় গঠনতন্ত্র সংস্কার, আগামী স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ, ১১ দলীয় ঐক্যে দলের ভূমিকা ও ভবিষ্যৎ কর্মপদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠক শেষে জাগপা সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান এমপি বলেন, আধিপত্যবাদ ও স্বৈরাচারমুক্ত বাংলাদেশ গড়তে দলীয় পর্যায়েও সংস্কার প্রয়োজন। নিজেদের দলের গঠনতন্ত্রের সীমাবদ্ধতা দূর করতে তা এবার নতুন করে ঢেলে সাজানো ও সংস্কার করা হয়েছে। একই সাথে ১১ দলীয় ঐক্যের শরিক হিসেবে রাজপথের আন্দোলনে আরো জোরালো ভূমিকা রাখার সিদ্ধান্ত নিয়েছে জাগপা।
জাগপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন জানান, ২ জানুয়ারির জাতীয় সম্মেলনের আগে সারা দেশের জেলা ও মহানগর কমিটিগুলো পুনর্গঠন করা হবে। গণতান্ত্রিক ধারা বজায় রেখে বর্ণাঢ্য আয়োজনে সম্মেলন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।
দলের প্রেসিডিয়াম সদস্য ও মুখপাত্র রাশেদ প্রধান বলেন, ঐতিহ্যের সাথে নতুন প্রজন্মের চাহিদার মেলবন্ধন ঘটাতে দলের নতুন লোগো ও ওয়েবসাইট প্রকাশ করা হয়েছে। স্থানীয় সরকারের তৃণমূলের ইউনিটগুলোতে যোগ্য প্রার্থী থাকলেও সিটি করপোরেশনে জাগপা কোনো প্রার্থী দেবে না; বরং ১১ দলীয় ঐক্যের সমর্থিত প্রার্থীকেই বিজয়ী করতে কাজ করবে।
ব্যারিস্টার তাসমিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত ওই প্রেসিডিয়াম বৈঠকে দলের সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, সহসভাপতি রাশেদ প্রধান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহিদুর রহমান বাবলাসহ প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, সৈয়দ শফিকুল ইসলাম, মু. মুজিবুর রহমান, হাসমত উল্লাহ ও শামীম আখতার পাইলট উপস্থিত ছিলেন।

Advertisement