সিলেটে জালালাবাদ নারী ঐক্যের সিরাত সেমিনার
জালালাবাদ নারী ঐক্য সিলেট আয়োজিত ‘সমাজ সংস্কারে রাসূলুল্লাহ সা: এর ভূমিকা’ শীর্ষক সেমিনারে শুভেচ্ছা বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সহসভাপতি অধ্যাপিকা সামিয়া বেগম চৌধুরী : নয়া দিগন্ত।

সিলেট ব্যুরো

Advertisement

জালালাবাদ নারী ঐক্য সিলেট আয়োজিত সেমিনারে আলোচকরা বলেছেন, রাসূল সা:-এর মহান আদর্শ ও মানবীয় গুণাবলি অনুসরণের মাধ্যমে একটি মানবিক, শান্তিপূর্ণ ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব। নারী ও শিশুর অধিকার রক্ষা, অসহায় ও দুর্বল মানুষের মর্যাদা প্রতিষ্ঠা, সামাজিক ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং ইসলামী শিক্ষার প্রসারে মহানবী সা:-এর জীবনাদর্শ অনুসরণ করতে হবে।
শুক্রবার (৯ অক্টোবর) সিলেট নগরীর কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ-কেমুসাসের শহীদ সুলেমান হলে ‘সমাজ সংস্কারে রাসূলুল্লাহ সা:-এর ভূমিকা’ শীর্ষক এ সেমিনারটি অনুষ্ঠিত হয়। সংগঠনের আহ্বায়িকা ড. আমেনা বিনতে রফিকের সভাপতিত্বে সেমিনারে শুভেচ্ছা বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সহসভাপতি অধ্যাপিকা সামিয়া বেগম চৌধুরী।
ফেঞ্চুগঞ্জ ডিগ্রি কলেজের প্রভাষক উম্মে সুমাইয়া ও শাহজালাল জামেয়া স্কুল অ্যান্ড কলেজ মিরাবাজারের প্রভাষক ফারজানা ইয়াসমিনের যৌথ সঞ্চালনায় সিরাত  সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রধান আলোচক  শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত লাইব্রেরিয়ান ড. সোহেলী তামান্না। তিনি  প্রবন্ধে মহানবী সা:-এর মানবীয় গুণাবলি, উত্তম চরিত্র, দয়া, ক্ষমাশীলতা, মানবিকতা ও মানুষের প্রতি ভালোবাসার অনন্য দৃষ্টান্ত তুলে ধরেন। এ ছাড়া সমাজ সংস্কার ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় তার জীবনাদর্শের গুরুত্বও আলোচনায় উঠে আসে।
সেমিনারে ‘নারী ও শিশু অধিকার রক্ষা ও মর্যাদা প্রতিষ্ঠায় ইসলাম’ বিষয়ে বক্তব্য রাখেন সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা: জুলেখা বেগম। ‘সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় ইসলামের নির্দেশনা’ বিষয়ে আলোচনা করেন অ্যাডভোকেট আজিদা খাতুন। এ ছাড়া ‘ইসলামী শিক্ষা বিস্তারে রাসূলুল্লাহ সা:-এর ভূমিকা’ শীর্ষক বক্তব্য রাখেন সিলেট আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের কো-অর্ডিনেটর মাহফুজা কাওসার রিমি। সমাপনী বক্তব্য রাখেন জালালাবাদ নারী ঐক্যের আহ্বায়িকা ড. আমেনা বিনতে রফিক।