গোল
লিওনেল মেসি। নয়া দিগন্ত

এক হার ও এক ড্রয়ের পর জয়ে ফেরাটা জরুরি ছিল ইন্টার মায়ামির। সেই জয় পেতে সামনে থেকেই নেতৃত্ব দিলেন লিওনেল মেসি। গোল করে-করিয়ে দলকে জিতিয়ে হাসিমুখেই মাঠ ছাড়লেন মায়ামি অধিনায়ক। 

Advertisement

রোববার (১ নভেম্বর) ফক্সবোরোর জিলেট স্টেডিয়ামে মেসির নৈপুণ্যেই মেজর লিগ সকারে (এমএলএস) নিউ ইংল্যান্ড রেভল্যুশনকে ২-১ গোলে হারিয়েছে মায়ামি।

প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি। বিরতির পর ৫৩ মিনিটে ড্যানিয়েল গাজদাগের গোলে এগিয়ে যায় নিউ ইংল্যান্ড। পিছিয়ে পড়ে সমতা ফেরাতে মরিয়া হয়ে ওঠে মায়ামি। ৬৯ মিনিটে সেই কাজটি করেন মেসি।

মাতিয়াস গালারজার সাথ্র বল দেয়া- নেয়ার পর তেলাসকো সেগোভিয়ার বাড়ানো বল পান মেসি। গোলমুখ থেকে কিছুটা দূরে, পিঠ ফিরে থাকা অবস্থায় হেডে বল বাড়িয়ে দেন ডান পাশে থাকা জার্মান বেরতেরামের উদ্দেশে। 

পেছন থেকে ছুটে এসে হেডে বল জালে পাঠাতে ভুল করেননি এই ফরোয়ার্ড। তাতে সমতায় ফেরে মায়ামি। এরপর জয়সূচক গোলের জন্য অপেক্ষা করতে হয়েছে আরো ১৪ মিনিট। 

৮৩ মিনিটে রদ্রিগো দি পলের পাস পেয়ে বক্সের বাইরে থেকে প্রতিপক্ষের তিন ডিফেন্ডারের বাধা কাটিয়ে ভেতরে ঢুকে পড়েন মেসি। ড্রিবলিংয়ে জায়গা তৈরি করে বাঁ পায়ের নিচু শটে পরাস্ত করেন গোলরক্ষক ম্যাট টার্নারকে। 

মেসির দুর্দান্ত গোলেই ২-১ ব্যবধানে এগিয়ে যায় মায়ামি। শেষ পর্যন্ত এই ব্যবধান ধরে রেখেই মাঠ ছাড়ে দলটি।

এই গোলের মধ্য দিয়ে ক্যারিয়ারে ৯৩৭তম গোলের দেখা পেয়েছেন মেসি। এর মধ্যে ৮২২টি গোল এসেছে ওপেন প্লে থেকে, যা ফুটবলে সর্বোচ্চ।

এদিকে এই জয়ে ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে ইন্টার মায়ামি। ৩৩ ম্যাচে তাদের পয়েন্ট ৫৯। সমান ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে তিনে নিউ ইংল্যান্ড। ৭৪ পয়েন্ট নিয়ে শীর্ষে ন্যাশভিল।

নিয়মিত মৌসুমে দলগুলোর বাকি আর একটি করে ম্যাচ। শেষ ম্যাচে শার্লট এফসির মুখোমুখি হবে মায়ামি।