ইবিতে স্তন ক্যান্সার সচেতনতায় গোলাপি শোভাযাত্রা


স্তন ক্যান্সার সচেতনতার মাস উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘গোলাপি শোভাযাত্রা’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার ক্যান্সার সচেতনতামূলক সংগঠন ক্যাপের (ক্যান্সার অ্যাওয়ারনেস প্রোগ্রাম ফর উইমেন) উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. এ কে এম মতিনুর রহমান, প্রো-ভিসি প্রফেসর ড. এমতাজ হোসেন ও ট্রেজারার প্রফেসর ড. ইদ্রিস আলী উপস্থিত ছিলেন।
‘যদি ক্ষতির কারণ লজ্জা হয়, তাহলে আর লজ্জা নয়’ স্লোগানে বিশ্ববিদ্যালয়ের আমবাগান থেকে শোভাযাত্রাটি শুরু হয়। এতে শিক্ষক, শিক্ষার্থী ও আয়োজক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। এ সময় স্তন ক্যান্সারের আগাম শনাক্তকরণ ও সচেতনতার বার্তাসংবলিত প্ল্যাকার্ড ও ব্যানার বহন করেন তারা।
শোভাযাত্রা শেষে আমবাগানের মুক্তমঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, সময়মতো স্তন ক্যান্সার শনাক্ত করা গেলে অনেক জীবন বাঁচানো সম্ভব। এ রোগ নিয়ে সামাজিক সঙ্কোচ ও ভুল ধারণা দূর করে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন তারা।
প্রধান অতিথির বক্তব্যে ভিসি প্রফেসর ড. এ কে এম মতিনুর রহমান বলেন, ক্যান্সার প্রতিরোধ ও এ বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এটি নিঃসন্দেহে একটি মহৎ উদ্যোগ। বিশেষ করে মেয়েদের মধ্যে এ ধরনের সচেতনতা ক্যান্সারের মতো ভয়াবহ রোগ মোকাবেলায় সহায়তা করবে। ইবি সংবাদদাতা।

Advertisement