চট্টগ্রামে বিচারক-পুলিশ ও অংশীজনদের নিয়ে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স


চট্টগ্রামের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের উদ্যোগে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। গতকাল আদালতের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই কনফারেন্সে সভাপতিত্ব করেন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এ জি  এম মনিরুল হাসান সরকার।
এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দ্রুত বিচার নিষ্পত্তি, তদন্তকাজে গতি আনা, আলামত সংরক্ষণ ও আদালতের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্ট সব বিভাগের সমন্বয়ের লক্ষ্যে এ সম্মেলনের আয়োজন করা হয়। অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো: মহিদুল ইসলামের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এতে ফৌজদারি কার্যবিধির সর্বশেষ সংশোধনী তুলে ধরেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো: আলমগীর হোসেন।
উন্মুক্ত আলোচনায় আইনজীবী সমিতির নেতৃবৃন্দ এবং মহানগর পিপি কিশোর গ্যাং দমন ও আদালতের পরিচ্ছন্নতা রক্ষা বিষয়ে মতপ্রকাশ করেন। এতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, পিবিআই, সিআইডি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর, কারা কর্তৃপক্ষ ও চমেক হাসপাতালের প্রতিনিধিসহ বিভিন্ন থানার ওসিরা উপস্থিত ছিলেন ।বিজ্ঞপ্তি ।
সমাপনী বক্তব্যে সিএমএম এ জি এম মনিরুল হাসান সরকার বলেন, আসামি গ্রেফতারের ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধির বিধিবিধান পুঙ্খানুপুঙ্খভাবে মানতে হবে। বিচারকাজে যেকোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান তথ্য দিয়ে সহযোগিতা করতে বাধ্য; অন্যথায় আইনি ব্যবস্থা নেয়া হবে। তিনি নিরপরাধ ব্যক্তি যাতে ক্ষতিগ্রস্ত না হয় এবং প্রকৃত অপরাধী যেন সাজা পায়- তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের নির্দেশ দেন। বিজ্ঞপ্তি।

Advertisement