
নিজস্ব প্রতিবেদক
ডেঙ্গু মোকাবেলায় সিটি করপোরেশন ও সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত ও কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করীম। গতকাল শুক্রবার রাজধানীর পলাশনগর আবাসিক এলাকায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৫ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু সচেতনতা ও মশক নিধন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিনের নির্দেশনায় জামায়াতে ইসলামীর পল্লবী থানা এ কর্মসূচির আয়োজন করে।
ড. রেজাউল করীম বলেন, বর্তমানে ডেঙ্গু ব্যাপক আকার ধারণ করেছে। এ সঙ্কট মোকাবিলায় জামায়াতে ইসলামী সাংগঠনিকভাবে সারা দেশে ডেঙ্গু সচেতনতামূলক প্রচার ও মশক নিধন অভিযান পরিচালনা করছে।
তিনি বলেন, জনস্বাস্থ্য সুরক্ষায় ডেঙ্গু প্রতিরোধে কার্যকর উদ্যোগ গ্রহণ জরুরি। একই সাথে সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে জামায়াতে ইসলামীর কর্মসূচির কথা তুলে ধরে মাদক নির্মূলে সরকারকে কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানান তিনি।
কর্মসূচির আওতায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। পাশাপাশি জামায়াতের নিজস্ব ফগার মেশিনের মাধ্যমে পলাশনগর আবাসিক এলাকায় মশার ওষুধ স্প্রে করা হয়। এ সময় বাড়ি ও আশপাশ পরিষ্কার রাখা, জমে থাকা পানি অপসারণ এবং নিয়মিত মশক নিধন কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করা হয়।
পল্লবী থানা জামায়াতের আমির রইসূল ইসলামের সভাপতিত্বে এবং ডিএনসিসির ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী নাসির উদ্দিন খান সজলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও পল্লবী জোন পরিচালক নাসির উদ্দিন। এ ছাড়া পলাশনগর ওয়ার্ড সভাপতি ইঞ্জিনিয়ার রিয়াজ হোসেন এবং পেশাজীবী ওয়ার্ড সভাপতি মো: লোকমান হোসেন উপস্থিত ছিলেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








