মোটরসাইকেলসহ রেলব্রিজ থেকে পড়ে নিহত সোহাগ মিয়া
মোটরসাইকেলসহ রেলব্রিজ থেকে পড়ে নিহত সোহাগ মিয়া। নয়া দিগন্ত

ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁওয়ে শিলা রেলব্রিজ থেকে মোটরসাইকেলসহ পড়ে গুরুতর আহত সোহাগ মিয়ার (৪০) মৃত্যু হয়েছে।

Advertisement

রোববার (১ নভেম্বর) ভোরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে, শনিবার (৩১ অক্টোবর) রাতে ঢাকা-ময়মনসিংহ রেলপথের কাওরাইদ-মশাখালী রেলওয়ের মধ্যস্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সোহাগ মিয়া গফরগাঁও উপজেলার গফরগাঁও ইউনিয়নের উথুরী গ্রামের আহসান উল্লাহর ছেলে। তিনি একটি ওষুধ কোম্পানির স্থানীয় প্রতিনিধি ছিলেন।

নিহত সোহাগ মিয়ার প্রতিবেশী মামুন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় সোহাগ মোটরসাইকেল নিয়ে কাওরাইদ-মশাখালী রেলওয়ে স্টেশনের মধ্যস্থানে ঝুঁকিপূর্ণ শিলা রেলব্রিজ পার হওয়ার চেষ্টা করেন। এ সময় রেলের স্লিপারে চাকা পিছলে মোটরসাইকেলসহ নিচে পরে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

পরে অবস্থার অবনতি হলে সোহাগকে ঢাকায় স্থানান্তর করা হয়। ভোরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, শিলা রেলব্রিজ দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন স্কুল-কলেজগামী শিক্ষার্থীসহ শত শত পথচারী যাতায়াত করেন। ট্রেন চলে এলে ব্রিজের উপর থেকে শিক্ষার্থীসহ লোকজন নিচে পরে আহত হন। বহু বছর ধরে এই রেলব্রিজের পাশে বিকল্প ব্রিজ বা সড়ক নির্মাণের দাবি জানিয়ে আসছেন এলাকাবাসী।