
খুলনা মহানগর তাঁতি দলের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবিরকে কুপিয়ে হত্যা করা হয়েছে। রোববার (১ নভেম্বর) সন্ধ্যায় নগরীর রায়েরমহল বড় মসজিদের পেছনে তার নিজস্ব ব্যবসাপ্রতিষ্ঠান হিল ক্যান্টিনে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত হুমায়ুন কবির সৈয়দ আনোয়ার আলীর ছেলে। তিনি রায়েরমহল বড় মসজিদের পেছনে নিজ বাসায় বসবাস করতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় হুমায়ুন কবির তার ব্যবসাপ্রতিষ্ঠানে বসে ছিলেন। এ সময় তিনজন দুর্বৃত্ত সেখানে গিয়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খুলনা মহানগর তাঁতি দলের আহ্বায়ক মো: আবু সাঈদ বলেন, নিহত হুমায়ুন কবির মহানগর তাঁতি দলের যুগ্ম আহ্বায়ক ছিলেন।
এ বিষয়ে আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: হালিমুর রহমান বলেন, বিষয়টি শুনেছি। তবে কোথায় ও কিভাবে এ ঘটনা ঘটেছে, তা জানতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








