
নিজস্ব প্রতিবেদক
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর লাশ আজ সকালে লন্ডন থেকে দেশে পৌঁছবে। পরে কফিন নেয়া হবে তার বাসায়। সেখানে পরিবারের সদস্য ও স্বজনরা শেষবার তাকে দেখার পর শেষ শ্রদ্ধা জানানো হবে বনানীর ওল্ড ডিওএইচএস খেলার মাঠে। বেলা ২টা থেকে ৩টা পর্যন্ত তার লাশ রাখা হবে বনানীর ওল্ড ডিওএইচএস খেলার মাঠে। বন্ধু, স্বজন, সহকর্মী, শুভানুধ্যায়ীসহ সমাজের বিভিন্ন অংশের প্রতিনিধিরা সেখানে তার প্রতি শেষ শ্রদ্ধা জানাবেন। বেলা ৩টায় সেখানেই তার নামাজে জানাজা হবে। পরে বিকেল ৫টায় তাকে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।
ব্যক্তিগত সফরে লন্ডনে থাকা তৌফিক ইমরোজ খালিদী গত ১ অক্টোবর রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এর পর তাকে সেইন্ট বার্থোলমিউ’স হাসপাতালে নেয়া হলে চিকিৎসক জানান, তার মস্তিষ্কের রক্তক্ষরণ হয়েছে। পরদিন স্থানীয় সময় বেলা ২টা ২৩ মিনিটে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এরপর ৮ অক্টোবর জোহরের নামাজের পর পূর্ব লন্ডনের ব্রিকলেইন মসজিদে খালিদীর নামাজে জানাজা হয়। সেখানে সাবেক সহকর্মী এবং স্থানীয় বাংলাদেশী কমিউনিটির প্রতিনিধিরা তার প্রতি শেষ শ্রদ্ধা জানান। সেখানে তৌফিক ইমরোজ খালিদীর পরিবারের পক্ষ থেকে তার ছেলে, বাংলাদেশ নিউজ টোয়েন্টিফোর আওয়ার্স লিমিটেডের পরিচালক রাদ শারার খালিদী সংক্ষিপ্ত বক্তব্যে তার পিতার জন্য সবার কাছে দোয়া চান।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








